টেস্ট কি ছেড়েই দেবেন ডি ভিলিয়ার্স?

এবার কি টেস্ট ক্রিকেটকে চিরতরেই বিদায় বলে দেবেন এবি ডি ভিলিয়ার্স? নাকি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বুঝিয়ে-শুনিয়ে ডি ভিলিয়ার্সকে রেখে দিতে পারবে সাদা পোশাকের ক্রিকেটে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী আগস্ট পর্যন্ত। এই মাসেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়ে রাখলেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।
গত বছরই একবার টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তের কথা সিএসএকে জানিয়েছিলেন ডি ভিলিয়ার্স। সিএসএ তখন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় দিয়ে টেস্ট ক্রিকেট থেকে এক বছরের ছুটি দিয়ে দেয় ডি ভিলিয়ার্সকে।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফেরার আগে গত রোববার নিজের ভবিষ্যৎ ভাবনা জানিয়েছেন ডি ভিলিয়ার্স। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নিজের দেশে বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজের আগেই নিজের ভবিষ্যৎটা ঠিক করে ফেলতে চান ১০৬ টেস্ট খেলা ডি ভিলিয়ার্স, ‘আমি আগস্টে সিএসএর সঙ্গে বসব। ওখানেই আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে। দুপক্ষেরই সুবিধা-অসুবিধা নিয়ে ভাবতে হবে। আমরা বেছে বেছে খেলতে পারি না। আগামী কয়েক বছরে কী হবে না হবে তা নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা।’
ডি ভিলিয়ার্সের ইচ্ছে টেস্ট ক্রিকেট বাদ দিয়ে সীমিত ওভারের ক্রিকেট ক্যারিয়ারটা লম্বা করার। স্বপ্ন যেকোনো ভূমিকায় দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জেতাতে চান এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘আমার মূল স্বপ্ন হলো দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জেতা। অথবা যেকোনো ভূমিকাতেই এর অংশ হওয়া। আমি কিন্তু ভাবছি না সবকিছুই আমার হাতের মুঠোয়। দেখি কী হয়। কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর কথা বলব সিএসএর সঙ্গে। দেখব নতুন পরিকল্পনায় আমার জায়গা আছে কি না।’
বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে দক্ষিণ আফ্রিকার চুক্তি ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজ পর্যন্ত। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, চাকরির মেয়াদ বাড়াতে আর হয়তো আবেদন করবেন না ডমিঙ্গো। ডমিঙ্গোর সঙ্গে বোঝাপড়াটা ভালো ছিল ডি ভিলিয়ার্সের।
আগামী মাস দুয়েক পরিবারের সঙ্গেই সময় কাটাবেন ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান, ‘বাসায় ও পরিবারের সঙ্গে সময় কাটাব। নতুন সন্তানকে পৃথিবীকে স্বাগত জানাব। আর চেষ্টা করব ফিট থাকার। সেপ্টেম্বরে বাংলাদেশ আসার আগেই পুরোপুরি প্রস্তুত থাকতে চাই।’
ওয়ানডে খেলার জন্য ডি ভিলিয়ার্স ছাড়তে চাইছেন টেস্ট ক্রিকেট। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ওয়ানডে অধিনায়কত্বও ছাড়ার পরামর্শ দিয়েছেন উত্তরসূরিকে, ‘এই গ্রীষ্মে সিএসএর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে এবি। আমার পরামর্শ হলো সে অধিনায়কত্বও ছাড়ুক। তাঁর উচিত আগামী বছর দুয়েক সাদা বলের ক্রিকেটে পূর্ণ মনোযোগ দেওয়া।’
যাঁরা ডি ভিলিয়ার্সের টেস্ট ছাড়ার চিন্তাভাবনার সমালোচনা করছেন দ্য ইন্ডিপেনডেন্টে নিজের কলামে তাঁদের উল্টো সমালোচনা করেছেন স্মিথ, ‘সমালোচকেরা নিজেদেরই প্রশ্ন করুক এবির কি সামনের টেস্ট সিরিজ খেলে এক বছর পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া উচিত, নাকি আইসিসির আরেকটি বড় টুর্নামেন্ট খেলার সুযোগ পাওয়া উচিত।’ এএফপি, ক্রিকইনফো।