টেস্ট ক্রিকেটকে বিদায় কুলাসেকারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা পোশাক থেকে অবসর নিয়ে নিলেন কুলাসেকারা। ছবি: সংগৃহীত ছবি।
সাদা পোশাক থেকে অবসর নিয়ে নিলেন কুলাসেকারা। ছবি: সংগৃহীত ছবি।

সাদা পোশাকে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় দুই বছর আগে। ২০১৪ সালের সেই লর্ডস টেস্টই হয়ে থাকল নুয়ান কুলাসেকারার বিদায়ী টেস্ট। আজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার এই ডানহাতি পেসার।

৩৩ বছর বয়সী কুলাসেকারা সীমিত ওভারে শ্রীলঙ্কান বোলিংয়ের মূল ভরসা। ২০০৯ সালে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে গিয়েছিলেন। বলে ভয়ংকর গতি ছিল না কখনোই, কিন্তু নিখুঁত লাইন লেংথ ও বলের মুভমেন্ট তাঁকে সীমিত ওভারে ভয়ংকর করে তুলেছিল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির এমন পারফরম্যান্স টেস্টে করে দেখাতে পারেননি কখনো। ১১ বছরের ক্যারিয়ারে তাই মাত্র ২১টি টেস্ট খেলছেন। উইকেট পেয়েছেন মাত্র ৪৮টি।

টেস্টকে বিদায় বলার সময় তাই সীমিত ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছের কথাই বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। অনেক চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার ধারণা, অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমাকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করতে সাহায্য করবে এ সিদ্ধান্ত। শ্রীলঙ্কার হয়ে খেলা চালিয়ে যেতে চাই আমি।’ সূত্র: ক্রিকইনফো।