টেস্ট ক্রিকেটার মাহমুদউল্লাহর সেরা পাঁচ মুহূর্ত

মাহমুদউল্লাহফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা জার্সিটা আর পরা হবে না মাহমুদউল্লাহর। দেশের হয়ে ৫০ ম্যাচ খেলেই ১২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। আজ হারারে টেস্টের পঞ্চম দিনই ক্রিকেটের অভিজাত সংস্করণে মাহমুদউল্লাহর শেষ দিন। এমন দিনে মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ারের সেরা পাঁচ মুহূর্ত স্মরণ করা যাক…

অভিষেক টেস্টে পাঁচ উইকেট

অভিষেকেই চমক। টেস্ট ক্রিকেটে অভিষেক রাঙিয়েছেন মাহমুদউল্লাহ। তবে সেটা ব্যাটিং পারফরম্যান্সে নয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউন টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় ইনিংসে সে পারফরম্যান্সও হার মানল। এবার উইকেট ৫টি। ক্যারিয়ারের প্রথম টেস্ট, প্রথম ৫ উইকেটের ম্যাচে বাংলাদেশও ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হারায় প্রথমবারের মতো। টেস্ট ক্যারিয়ারে এমন শুরু নিশ্চয়ই মাহমুদউল্লাহও কল্পনা করেননি!

অভিষেকেই চমক।
ফাইল ছবি: এএফপি

‘আট’-এর সেরা মাহমুদউল্লাহ

বোলিং পারফরম্যান্স দিয়ে অভিষেক টেস্টে তাক লাগিয়ে দিলেও মাহমুদউল্লাহর ব্যাটিং সামর্থ্যটা বেশি দিন চাপা থাকেনি। অথচ ক্যারিয়ারের শুরুর পাঁচ টেস্টে মাহমুদউল্লাহ ব্যাটিং করেছেন আট নম্বরে। লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং দেখেই ২০১০ সালের দিকে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার মাহমুদউল্লাহকে সেই সময়ের সেরা আট নম্বর ব্যাটসম্যান বলেছিলেন। কারণও আছে। আটে নেমে ভারতের বিপক্ষে ২০১০ সালের ঢাকা টেস্টে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরের টেস্টেই তিনি পেয়ে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। সেটাও সেই আটে নেমে ২০১০ সালের নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টনের কঠিন কন্ডিশনে। ১৯০ বল খেলে ১১৫ রান করেছিলেন।

২০১৮ সালের সেই ইনিংসে।
প্রথম আলো ফাইল ছবি

সেই ওয়েস্ট ইন্ডিজ, সেই মাহমুদউল্লাহ

টেস্ট ক্যারিয়ারের শুরুতে বোলিং দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের শেষের দিকে এসে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ব্যাটিং দিয়ে বাংলাদেশের জয়ে অবদান এই অভিজ্ঞ ক্রিকেটারের। ২০১৮ সালে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বেশ অস্বস্তিতে পড়েছিল। বিপদের সময় সাকিব আল হাসানকে নিয়ে মাহমুদউল্লাহ গড়েন ১১১ রানের জুটি। পরে লিটন দাসকে নিয়ে আরও ৯২ রান যোগ করেন। ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস আসে মাহমুদউল্লাহ। তাঁর ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৫০৮ রান তোলে বাংলাদেশ। ইনিংস ও ১৮৪ রানে সে ম্যাচ জিতে বাংলাদেশ।

হ্যামিল্টনের সে ইনিংস।
ফাইল ছবি: এএফপি

মাহমুদউল্লাহর হ্যামিল্টন-বিস্ময়
মাহমুদউল্লাহ তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে। ৯ বছর পর সে মাঠেই মাহমুদউল্লাহ খেলেন তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি। বাংলাদেশ আগে ব্যাট করে ২৩৪ রানে অলআউট হয়। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে। মাথায় ৪৮১ রানের বিশাল বোঝা নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ মিলে গড়েন ২৩৫ রানের বিরাট জুটি। সৌম্য ১৪৯ রানে আউট হলেও মাহমুদউল্লাহ লড়ে গেছেন শেষ পর্যন্ত। ছোট ছোট জুটি গড়ে বাংলাদেশকে ইনিংস হার এড়ানোর খুব কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪২৯ রানে থামে বাংলাদেশের ইনিংস, মাহমুদউল্লাহ খেলেছেন ২২৯ বলে ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস। বাংলাদেশ ইনিংস ও ৫২ রানে হারলেও ব্যক্তিগত অর্জনের দিক থেকে মাহমুদউল্লাহর সেঞ্চুরি ছিল মনে রাখার মতো।

মাহমুদউল্লাহ।
ছবি: টুইটার

প্রত্যাবর্তন রাঙানো সেঞ্চুরি

২০২০ সালের পাকিস্তান সফরের পর টেস্ট দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তখন মাহমুদউল্লাহকে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে বলেছিলেন। এরপর টেস্ট ক্রিকেট থেকে বাইরে ছিলেন ১৭ মাস। মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ার তখন কার্যত শেষই মনে হচ্ছিল। সেখান থেকে অপ্রত্যাশিতভাবে এবারের জিম্বাবুয়ে সফরে এক টেস্টের জন্য দলে ডাকা হয় মাহমুদউল্লাহকে। সুযোগটা কাজে লাগিয়ে ফেরার ম্যাচটা স্মরণীয় করে রাখলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ইনিংসটিই এখন হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে মাহমুদউল্লাহর শেষ ইনিংস।