টেস্ট ক্রিকেটে এই কীর্তি কেবল কনওয়েরই
মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের মেরুদণ্ড ছিলেন ডেভন কনওয়ে। তাঁর শতকেই ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও নিজেদের সংগ্রহটা ৩২৮ পর্যন্ত নিতে পেরেছিল তারা। সে টেস্ট এখন অতীত। আজ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টেও কনওয়ের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৯৯ রানের ইনিংস। আজ বড় শতক পেয়েছেন অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু সবকিছু ছাপিয়ে কনওয়েই আলোচনার শীর্ষে। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান যে অসাধারণ এক কীর্তি গড়েছেন। টেস্টের ১৪৪ বছরের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে কনওয়ে অভিষেকের পর টানা পাঁচবার নিজ দলের প্রথম ইনিংসে কমপক্ষে ৫০ রান করলেন।
২০২১ সালের জুনে টেস্ট অভিষেক হয়েছে কনওয়ের। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই দ্বিশতক পেয়ে যান তিনি। তাঁর সেই ইনিংসটি ৩৪৭ বল ৫৭৮ মিনিটের। এমন অভিষেকের পর কনওয়ে তাঁর দ্বিতীয় শতকটি তুলে নেন বাংলাদেশের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে। ক্রাইস্টচার্চেও তিনি প্রথম দিন শেষে অপরাজিত ৯৯ রানে। মাঝে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে খেলেছেন ৮০ রানের ইনিংস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, ভারতের বিপক্ষে সাউদাম্পটনে করেছেন ৫৪ রান।
টেস্ট অভিষেকের পর প্রথম পাঁচ টেস্টের হিসাব ধরলেও কনওয়ে ইতিহাস গড়েছেন। ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টে রান সংগ্রহে তাঁর ওপরের নামগুলো দেখুন—সুনীল গাভাস্কার, জর্জ হেডলি, কনার্ড হান্ট ও ডন ব্র্যাডম্যান। অভিষেকের পর ৯ ইনিংসে কনওয়ের সংগ্রহ ৬০৩ রান, গড় ৭৫.৩৮।
এই দলে কনওয়ের সঙ্গে আছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকও। ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টে ৯ ইনিংসে ৮৩.৪২ গড়ে তিনি করেছিলেন ৫৮৪ রান। দুটি করে শতক ও পঞ্চাশ পেয়েছিলেন তিনি। কনওয়ের দুটি শতকের পাশাপাশি তিনটি অর্ধশতক।
জীবনের প্রথম পাঁচ টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে আরও আছেন রঞ্জিৎসিংজী, মাইকেল হাসি, জাভেদ মিয়াঁদাদ, সদাগোপান রমেশ।
আজ ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা শেষে মাত্র ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৩৪৯। অধিনায়ক টম ল্যাথাম অপরাজিত ২৭৮ বলে ১৮৬ রানে। কনওয়ে অপরাজিত ১৪৮ বলে ৯৯ রান করে। বাংলাদেশের একমাত্র সফলতা উইল ইয়াংকে তুলে নিতে পারা। শরীফুল ইসলামের বলে মুমিনুল হককে ক্যাচ দেন তিনি।
ল্যাথাম–কনওয়ের দিনটা পুরোপুরি দুঃস্বপ্ন বাংলাদেশের জন্য!