টেস্ট ক্রিকেটের এ-ই তো মজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক স্পেলে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছেন ভুবনেশ্বর। ছবি: এএফপি
দুর্দান্ত এক স্পেলে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছেন ভুবনেশ্বর। ছবি: এএফপি

এমন ম্যাচের অপেক্ষাতেই থাকে সবাই। আদর্শ এক টেস্ট ম্যাচ উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা। নির্দিষ্ট করে বললে কলকাতার দর্শকেরা। পঞ্চম দিন দ্বিতীয় সেশনেও যে ম্যাচের ভবিতব্য ড্র হিসেবেই দেখা হচ্ছিল, সেই ম্যাচটিই কিনা প্রায় নিজেদের দিকে টেনে নিল ভারত। ভুবনেশ্বর কুমারের অসাধারণ বোলিংয় কলকাতা টেস্টে শ্রীলঙ্কা হারই দেখছিল। ‘আলোকস্বল্পতা’ রীতিমতো আশীর্বাদ হয়ে আসায় হারটা গায়ে মাখা হলো না শ্রীলঙ্কার। যে শ্রীলঙ্কা এই ম্যাচে প্রায় চার দিন ছিল চালকের আসনে। প্রথম ইনিংসে নিয়েছিল বিশাল লিডও!

২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে লঙ্কানরা তখন হারের ক্ষণ গুনছিল। ঠিক তখনই বেরসিকের মতো রসভঙ্গ করে দিলেন দুই আম্পায়ার। ফ্লাডলাইটের আলোতেও খেলা চালিয়ে যাওয়া অসম্ভব জানিয়ে দুই দলকে ড্র মেনে নিতে বাধ্য করলেন। সে ড্রতেই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়লেন দাসুন শানাকা ও রঙ্গনা হেরাথ।

দিনের তখনো ২০ ওভার খেলা বাকি! রীতিমতো অত্যাচার চলছিল শ্রীলঙ্কার ওপর। ৪৭ ওভারে ২৩১ রানের লক্ষ্য। শ্রীলঙ্কা সাহসী হয়ে লক্ষ্যে ছুটবে কি না, এ প্রশ্ন মিলিয়ে গেল চার ওভারের মাঝেই। দুই রানেই ২ উইকেট নেই শ্রীলঙ্কার। দুই ওপেনারকে হারানো শ্রীলঙ্কার টপ অর্ডার শেষ হলো ১৪ রানে। ১২তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুসও ফিরলেন। ২২/৪—ইডেন তখন গর্জাচ্ছে। ভুবনেশ্বর কুমার-মোহাম্মদ শামিরা ঝরাচ্ছেন আগুন। ভারতে পঞ্চম দিনের উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের হাতে বল দেওয়া হয়নি, ভাবা যায়!

সে আগুনে পানি ঢালতে না পারলেও অন্তত প্রকোপটা কমালেন দিনেশ চান্ডিমাল ও নিরোশান ডিকভেলা। ৬৯ রানে চান্ডিমালকে এক ইনসুইঙ্গারে বোল্ড করলেন শামি। আবারও জেগে উঠল ইডেন। স্কোরটা নড়ার আগেই ডিকভেলাকে এলবিডব্লু  করে দিলেন ভুবনেশ্বর (৬৯/৬)। পরের বলেই দিলরুয়ানও এলবিডব্লু । এবার ভাগ্য ফিরে তাকাল শ্রীলঙ্কার দিকে, রিভিউতে সে সিদ্ধান্ত পাল্টানো হলো।

ভুবনেশ্বরের পরের ওভারেই দুর্দান্ত এক আউট সুইঙ্গারে বোল্ড পেরেরা। শ্রীলঙ্কা ৭৫/৭! প্রথম দুই দিনে রাজত্ব করা দলটা কিনা হারের মুখে! পরের ওভারেই অবশ্য সব উত্তেজনা শেষ করে দিলেন আম্পায়ার, ‘আলোকস্বল্পতা’ বাঁচিয়ে দিল শ্রীলঙ্কাকে।
না হলে যে মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন ভুবনেশ্বর, আজ ম্যাচের ফল পেতে খুব বেশি দেরি হতো না। ১১ ওভারে ৮ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। পেতে পারতেন আরও গোটা দুই। এমন বোলিংয়েও দলকে জেতাতে পারার সুযোগ মিলল না, এটাই ভুবনেশ্বরের হতাশা। তবে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে তিনিই।