টেস্ট ক্রিকেটের মাঝরাস্তায় প্রোটিয়ারা!
ট্রেন্ট ব্রিজে কাল দক্ষিণ আফ্রিকার সিরিজে ফেরার লড়াই শুরু হয়ে গেছে। তবে এখনো চলছে লর্ডসে প্রথম টেস্টে হারের ব্যবচ্ছেদ। কিংবদন্তি গ্রায়েম পোলক তো ইংল্যান্ডের বিপক্ষে চার দিনেই ২১১ রানের বাজে হারটি হজমই করতে পারছেন না। টেস্ট অভিযাত্রায় তাঁর দেশ বড়জোর মাঝরাস্তায় আছে বলে মনে করেন তিনি। আর এর দায় পোলক দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে কোটাপদ্ধতির রাজনীতিকে।
দক্ষিণ আফ্রিকার কালো মানুষেরা আগে সব ক্ষেত্রেই সুবিধাবঞ্চিত ছিল বলে দাবি দেশটির শ্বেতাঙ্গ-শাসন অবসানের পরের সরকারের। ক্রিকেটেও এর ব্যতিক্রম ছিল না। গত আগস্টে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাই কোটাপদ্ধতি চালু করে। সেই পদ্ধতি অনুসারে যেকোনো সংস্করণেই জাতীয় দলে ছয়জন মিশ্র বর্ণের খেলোয়াড় নিতে হবে। যাদের মধ্যে দুজন থাকবে কৃষ্ণাঙ্গ। ঘরোয়া ক্রিকেটে প্রতি ম্যাচে ছয়জন মিশ্র বর্ণের খেলোয়াড়ের মধ্যে তিনজনকে হতে হবে কালো। এটিকেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের উন্নতির অন্তরায় বলে মনে করেন গ্রায়েম পোলক, ‘এটা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। সেরা একাদশটাই মাঠে নামানো সম্ভব হয় না।’
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের দুরবস্থা অন্য অনেকের চেয়ে গ্রায়েম পোলককে বেশি হতাশই করার কথা। ১৯৭০ সালে বর্ণবাদী নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার আগে ১৯৬০-এর দশকে ২৩ টেস্টে সাতটি সেঞ্চুরিসহ ৬০.৯৭ গড়ে ২২৫৬ রান করেছেন নিজে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এই পোলক পরিবারের অনেক অবদান। বড় ভাই পিটার পোলক ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার। ভাইপো (পিটারের ছেলে) শন পোলকও ছিলেন ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বও দিয়েছেন তিনি। এএফপি।