টেস্ট খেলার অপেক্ষায় সাব্বির

বিসিবির কার্যালয়ের অভ্যর্থনাকক্ষ পেরোলেই একটা ছবি চোখে পড়বে। ২০১০ এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক-জয়ী বাংলাদেশ দলের ছবি। ১৮ বলে অপরাজিত ৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাব্বির রহমানই জিতিয়েছিলেন ওই ম্যাচটা। ছবিটি নিশ্চয়ই বিশেষ তাৎপর্যময় হয়ে থাকবে সাব্বিরের স্মৃতিতে।
সেই ম্যাচটি ছিল টি-টোয়েন্টি। সাব্বিরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও শুরু টি-টোয়েন্টি দিয়েই, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। গত বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৫১ কিংবা সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ৮০ রান—বাংলাদেশের হয়ে তাঁর স্মরণীয় সাফল্যের বেশির ভাগই টি-টোয়েন্টিতে। বাংলাদেশের ওয়ানডে দলেও জায়গাটা মোটামুটি নিশ্চিত করে ফেলেছেন।
গত দুই বছর সীমিত ওভারের ক্রিকেটে আলো ছড়ানো সাব্বিরের এখনো নেওয়া হয়নি টেস্টের স্বাদ। যদিও তাঁর পরে আন্তর্জাতিক অভিষেক হওয়া সৌম্য সরকার-লিটন দাস খেলে ফেলেছেন তিনটি করে টেস্ট। সীমিত ওভারের সীমানা ছাড়িয়ে সাব্বিরেরও স্বপ্ন এখন টেস্টে নিজেকে মেলা ধরার, ‘একজন ক্রিকেটারের মূল লক্ষ্য হলো টেস্ট খেলা। আমিও সেভাবেই চিন্তা করি। এখন পর্যন্ত ওয়ানডে, টি-টোয়েন্টিতে যতটা ভালো করেছি, সামনে সুযোগ এলে টেস্টেও সে রকম কিছু করার স্বপ্ন দেখি।’
প্রথম শ্রেণির ক্রিকেটে সাব্বিরের রেকর্ড অবশ্য উচ্চকণ্ঠে বলার মতো কিছু নয়। ৩৫ ম্যাচে ৩৪.৭১ গড়ে করেছেন ১৮৪০ রান, সেঞ্চুরি ৩টি। এটা যে টেস্ট দলে ঢোকার দাবি জানানোর মতো কিছু নয়, সাব্বিরেরও তা জানা। নিজের দাবি জোরালো করতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগের দিকে তাই তাকিয়ে আছেন তিনি, ‘সামনে টেস্ট আছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। পরে আরও সিরিজ আছে। বিসিএল আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে ভালো কিছু করতে পারলে হয়তো টেস্ট দলে ডাক আসতে পারে। সব সময় রান করতে কষ্ট করি। অনেক সময় হয়, অনেক সময় হয় না। তবে চেষ্টা করব ভালো কিছু করার।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত কিছুদিন তিন নম্বরে ব্যাটিং করেছেন, ঘরোয়া ক্রিকেটেও তা-ই। টেস্টে সুযোগ পেলে অবশ্য তিনি আরেকটু নিচে ব্যাটিং করতে আগ্রহী, ‘টেস্টে প্রথম ১০-১২ ওভার নতুন বল খুব সুইং করে। শুরুর দিকে নামা ব্যাটসম্যানরা সাধারণত সমস্যায় পড়ে। তবে যারা পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করে, তাদের শুরু হয় স্পিন দিয়ে। আর ওই সময় পেসারদের বলে তেমন সুইং থাকে না। স্কোরিং শট খেলা সহজ হয়। নিজের পছন্দের জায়গা যদি বলি, আমার জন্য হয়তো পাঁচ-ছয় নম্বর জায়গাটাই ঠিক হবে।’