টেস্ট ছাড়বেন না ডি ভিলিয়ার্স

হঠাৎ করেই টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা যেন দুঃসময়ের যাত্রী। ভারতের মাটিতে গিয়ে নাকাল হয়ে দেশে ফেরা প্রোটিয়াদের কাটা ঘায়ে আরও নুনের ছিটা দিল ইংল্যান্ড। এক ম্যাচ আগেই সিরিজটা হেরে গেল দক্ষিণ আফ্রিকা। শুধু কি তা-ই, নির্বাসনের পর মাত্র দুই মাসের মধ্যে দুবার নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জাটা তাদের সঙ্গী। চাপ নিতে না পেরে হাশিম আমলা অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই পরাজিত এবি ডি ভিলিয়ার্স ‘জেনেশুনে বিষ করেছি পান’ উপলব্ধি হয়েছে কি না কে বলতে পারে! তবে অধিনায়কত্ব নিয়ে পরিষ্কার কোনো ইঙ্গিত না দিলেও এবি ডি ভিলিয়ার্স জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেট তিনি ছাড়ছেন না।
ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টের পরই গুঞ্জন উঠেছিল যে, তিন সংস্করণের চাপটা নিতে পারছেন না বলে টেস্ট থেকে অবসরই নিতে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। পরে গুঞ্জনটা তিনি নিজেই উড়িয়ে দিয়েছিলেন। ইংল্যান্ডের কাছে এমন পরাজয়ের পর মন বদলে অবসর শেষ পর্যন্ত নিয়েই ফেলেন কি না এমন ফিসফাস উঠেছিল। কিন্তু ডি ভিলিয়ার্স পরিষ্কার জানিয়ে দিলেন টেস্ট থেকে বিদায় নিচ্ছেন না, ‘আমি কখনোই টেস্ট ক্রিকেট ছাড়ার কথা ভাবিনি, আমি শুধু বছরজুড়ে আরেকটু বেশি বিশ্রাম নেওয়ার কথা ভাবছিলাম। আর খেলাটা তো কোনো ব্যাপার নয়, আমি শুধু নিজেকে সতেজ রাখতে চাই। বছরজুড়ে খেললে আপনার খেলার মান ধরে রাখাও কঠিন। এখন আমাকে শুধু একটু ভারসাম্য খুঁজে বের করতে হবে।’
কিন্তু দল এমন অসহায় আত্মসমর্পণ করল কেন? ডেল স্টেইন, ফিল্যান্ডার, ডুমিনি, ডি ককদের অনুপস্থিতি কি ভোগাল দক্ষিণ আফ্রিকাকে? ডি ভিলিয়ার্স সেটি মানতে চাইলেন না, ‘খেলোয়াড়দের বিষয়টি আসলে বড় কিছু নয়, আমাদের অন্য কিছু নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রতিভা আছে, কিন্তু ধারাবাহিকতাটা রাখতে হবে, চাপ ধরে রাখাটা জানতে হবে।’ দক্ষিণ আফ্রিকাকে কী কারণে এখন লড়াই করতে হচ্ছে সেটি নতুন অধিনায়ক জানেন, ‘আমরা আগের সেই দল নেই। এখন অনেক নতুন নতুন খেলোয়াড় আসছে। এখনো আমরা ভালো দল, কিন্তু এটা আসলে মূল্যহীন। আমি বিশ্বাস করি, আমাদের ফর্মটা খুব খারাপ যাচ্ছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে বিশেষ কিছুই করতে হবে।’
ডি ভিলিয়ার্সের মতো দক্ষিণ আফ্রিকার সমস্যাকে অবশ্য সরল চোখে দেখছেন না গ্রায়েম স্মিথ। সাবেক অধিনায়ক সমস্যা দেখছেন আরও গভীরে। তিনি মনে করেন কোচ রাসেল ডমিঙ্গোর নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট ও দলের নেতিবাচক মানসিকতার দায় আছে দক্ষিণ আফ্রিকার এই অবনমনে। ‘কিছু কিছু সিদ্ধান্ত আমার কাছে একটু উদ্বেগের মনে হচ্ছে। দলকে একটু হতোদ্যম মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে কিছু বার্তা ঠিক ইতিবাচকও মনে হচ্ছে না। এবং এটা দলের সিনিয়রদের কাছ থেকেই আসছে। এত বড় একটা সিরিজের মাঝখানে সিনিয়র খেলোয়াড়দের কেমন যেন নেতিবাচক লাগছে। এখন মনে হচ্ছে কাউকে দায়িত্ব নিয়ে বলতে হবে, ‘ভাইয়েরা শোনো, চলো গা-ঝাড়া দিয়ে উঠি এবং একটু টেস্ট ক্রিকেট খেলি!’—বলেছেন স্মিথ। রয়টার্স।