টেস্ট জমে ক্ষীর, পাতে তুলবে কে?

>পার্থ টেস্টে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ভারত
পার্থে অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হওয়ার পর হিসেবটা পরিষ্কার হয়ে যায়। জিততে হলে টেস্টের চতুর্থ ইনিংসে ২৮৭ রান তুলতে হবে ভারতকে। ইতিহাস বলছে, চতুর্থ ইনিংসে এমন লক্ষ্য তাড়া করে ভারত জিতেছে মাত্র দুবার। এবার কি তাহলে তৃতীয় নজির গড়ার পালা? তেমন কিছু না ঘটার সম্ভাবনাই বেশি। বরং ভারতের অধিনায়ক বিরাট কোহলির কাছে কাল টেস্টের শেষ দিনটা মনে হতে পারে অনেক দীর্ঘ।
৪ উইকেটে ১৩২ রানে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়াকে আজ ১১১ রান করতে দিয়েছে ভারত। দ্বিতীয় সেশনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের চতুর্থ বলেই মিচেল স্টার্কের করা ‘ফিফথ স্টাম্প’-এর বল উইকেটে টেনে বোল্ড হন লোকেশ রাহুল। স্টার্কের এমন শুরুর পর ভাবা হয়েছিল, অস্ট্রেলিয়ান বোলারদের আগুনে পুড়তে পারে ভারত। পুড়েছে ঠিকই তবে সেটি ‘আধপোড়া’—কেননা উইকেট পড়েছে ৫টি। এর বিনিময়ে স্কোরবোর্ডে ১১২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে ভারত।
কাল তৃতীয় দিনে উইকেটে তেমন ফাটলের সৃষ্টি না হলেও ৫ উইকেট তুলে নিয়েছিলেন নাথান লায়ন। আজ ফাটল দেখা গেছে সাদা চোখেই। লায়নও পেসবান্ধব উইকেটে বল ঘুরিয়েছেন ভালোই। যে ৫ উইকেট পড়েছে তার মধ্যে ২টি তাঁর। বাকি ৩ উইকেট স্টার্ক (১/২৮) ও হ্যাজলউডের (২/২৪)।
রাহুল আউট হওয়ার তিন ওভার পর ফিরেছেন চেতেশ্বর পূজারাও। অ্যাডিলেডে ভারতের দুই ইনিংসকে প্রায় একাই টানা পূজারা (৪) আউট হয়েছেন হ্যাজলউডের দুর্দান্ত এক ডেলিভারিতে। কোহলি উইকেটে আসার পর ভারতের ক্রিকেটপ্রেমীরা ভেবেছিলেন, অ্যাডিলেডে পূজারাকে যে ভূমিকায় দেখা গেছে পার্থে অধিনায়ক হয়তো সেই ভূমিকা রাখবেন। একাই এক প্রান্ত আগলে রেখে দিনটা পার করবেন। কিন্তু ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া ব্যাটিং দ্বিতীয় ইনিংসে তিনি অনূদিত করতে পারেননি। মাত্র ১৭ রানে লায়নের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে। ভারত তখন ৩ উইকেটে ৪৮।
দলীয় রান পঞ্চাশ পার হওয়ার পর সমর্থকদের হতাশ করেছেন মুরালি বিজয়ও। রান খরায় ভোগা এই ওপেনার প্রয়োজনের সময় দাঁড়াতে না পারায় নিশ্চিতভাবেই নির্বাচকদের শ্যেন দৃষ্টিতে পড়লেন। অজিঙ্কা রাহানে ও হনুমা বিহারি মিলে পঞ্চম উইকেটে ৪৩ রানের জুটিতে দিনটা পার করার ইঙ্গিত দিলেও তা হয়নি। ভারতের শেষ ‘বিশেষজ্ঞ’ ব্যাটসম্যান রাহানেকে হ্যাজলউড তুলে নেওয়ার পরই মূলত জয়ের সুবাস পেয়েছে অস্ট্রেলিয়া। তবে এই পরিস্থিতিতেও দুই তরুণ ঋষভ পন্ত আর বিহারি মিলে ৩৭ বল খেলে চতুর্থ দিনটা কাটিয়ে দেন। কাল নিশ্চিতভাবেই ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছেন তাঁরা।
আর অস্ট্রেলিয়া পাচ্ছে জয়ের সুবাস। যদিও সেটি নিশ্চিত হওয়া যাবে কাল সকালের সেশনে। তবে ভারতের সাম্প্রতিক ইতিহাস কিন্তু তাঁদের বিপক্ষে। টেস্টে গত পাঁচ বছরে দুই শর বেশি রান তাড়া করতে নেমে ভারত কখনো জিততে পারেনি। এ সময়ে ১২ বার এমন চ্যালেঞ্জের মুখে পড়ে ৮ বারই হেরেছে দলটি। ড্র করতে পেরেছে ৪ ম্যাচ। শুধু তা-ই নয়, ২০১৪ সাল থেকে এ সময় পর্যন্ত চতুর্থ ইনিংসে দুই শর বেশি রান তাড়া করে জয়ের নজিরই রয়েছে সর্বসাকল্যে ছয়টি।
ঋষভ (৯*) ও বিহারি (২৪*) আর বাকিরা মিলে কি তা সাতে উন্নীত করতে পারবেন? দূরত্বটা এখনো ১৭৫ রানের। হাতে রয়েছে ৫ উইকেট। পাল্লাটা অস্ট্রেলিয়ার দিকে কিছুটা ভারী তবে টেস্ট যে কাল থেকেই জমে ক্ষীর, তা আর বলতে!