টেস্ট জেতা সহজ, ড্র করাই কঠিন!

চন্ডিকা হাথুরুসিংহে নিজের লক্ষ্যটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, টেস্টে ড্র করতে পারলেই খুশি বাংলাদেশ। তবে কোচের ইচ্ছে মনে হয় না পূরণ হচ্ছে। চট্টগ্রাম টেস্ট আর যাই হোক, অমীমাংসিতভাবে শেষ হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। যদি না বৃষ্টি বাগড়া দেয়। দুই দিনের খেলা এখনো বাকি। আর এরই মধ্যে ইংল্যান্ডের যা লিড, তাতে এই টেস্টে জয় জয়, নয়তো হেরে যাওয়ার জন্যই খেলতে হবে বাংলাদেশকে। অবশ্য টেস্ট ক্রিকেটটাই এখন এমন, এখানে ম্যাচ ড্র করাটাই বরং কঠিন। এর চেয়ে জেতা সহজ, হারা তো সহজও আরও বেশি!
টেস্ট ক্রিকেট মানে ঠুকঠুক করে দিন পার করে দেওয়া আর পঞ্চম দিনের আধ ঘণ্টা আগে দুই অধিনায়কের হাত মিলিয়ে ড্র মেনে নেওয়ার দিনই যেন ফুরাতে চলেছে। গত ৫০টি টেস্টের ফলাফলের দিকে একটু নজর বুলিয়ে নেওয়া যাক। ২০১৫ সালের আগস্ট থেকে চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার আগপর্যন্ত এই ৫০ টেস্টে ৪১টি ম্যাচেই ফল দেখেছে। মাত্র ৯টি ম্যাচই শেষ হয়েছে অমীমাংসিতভাবে!
আরও বড় বিস্ময় হলো, ড্রয়ের সংখ্যাটা আসলে ৯ না হয়ে দুই-তিনও হতে পারত। গত অক্টোবরেই আবুধাবিতে ৯৯ রান তাড়া করতে নেমে ৭৪ রান করে ফেলেছিল ইংল্যান্ড। আলোর স্বল্পতাতে সেদিন ম্যাচটা শেষ করে না দিলে পাকিস্তানের বিপক্ষে জয় তো তারাই পেত। বাকি ৮টি ম্যাচের চারটিতেও প্রকৃতি বাগড়া না বসালে, কে জানে, হয়তো ড্র হতো না।
ম্যাচের সংখ্যা ৫০ থেকে এক শতে নিলেও কিন্তু চিত্র বদলাচ্ছে না। গত ১০০ টেস্টের ৮০টিতেই ফল পেয়েছে দলগুলো। মাত্র ২০টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। এর মধ্যে বাংলাদেশের ৪টি ম্যাচও আছে। এর মধ্যে শুধু একটি ড্র-ই বাংলাদেশ আদায় করে নিয়েছে। বাকি ৩টি ম্যাচই শেষ হয়েছে বৃষ্টি বাগড়ায়। এ রকম আরও বেশ কিছু টেস্টে বৃষ্টি বাগড়া না দিলে ৮০ ভাগের বদলে ৯০ শতাংশ ম্যাচেই ফলাফল দেখত!
আরেকটু পিছিয়ে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত টেস্টের পরিসংখ্যান একটু দেখা যাক। এ সময়ে ২০০টি টেস্টের ১৫৬ ম্যাচেই জয় দেখেছে, মাত্র ৪৪টি ম্যাচ ড্র হয়েছে শতকরা হিসেবে যেটা মাত্র ২২ শতাংশ। অথচ ২০১০ সাল পর্যন্তও ৩৫ শতাংশ টেস্টে ড্র হয়েছিল।
কিন্তু সাম্প্রতিক সময়ে টেস্টে দলগুলো এতটাই আক্রমণাত্মক খেলছে, গত ৬ বছরে ড্র করার হার কমে ৩৩ শতাংশ হয়ে গেছে! গত ৫ বছরে ৭৬ শতাংশ টেস্টেই জয়-পরাজয়ে ম্যাচ শেষ হয়েছে। কিছু ম্যাচে প্রকৃতি বাধা না হলে সংখ্যাটি আরও বাড়ত সেটা নিশ্চিত।
এর পেছনে টি-টোয়েন্টির উত্থানকে কারণ হিসেবে দেখানো হচ্ছে। টি-টোয়েন্টির কারণেই অতি আক্রমণাত্মক হয়ে উঠছে ব্যাটসম্যানেরা। উইকেটে থিতু হয়ে আর ইনিংস কেউই গড়তে চান না। আক্রমণাত্মক খেলে রান করাতেই আগ্রহ বেশি তাঁদের। অনেক আবারও স্পিন বান্ধব উইকেট, ব্যাটসম্যানদের টেকনিকের সমস্যাকে কারণ দেখান। তবে কারণ যাই হোক, এখন যে টেস্টে শুধু ড্র করাকেই লক্ষ্য মেনে নামা সম্ভব নয় সেটা নিশ্চিত।
টেস্টে ওভারে চার করে রান তোলাও এখন আর আলাদা করে চোখে পড়ে না। যেমন উইকেট আঁকড়ে পড়ে থাকতে জানা ব্যাটসম্যানরাও বিলুপ্ত প্রজাতির হয়ে যাচ্ছেন। বেশি বেশি শট, বেশি রান, বেশি উইকেটও। চট্টগ্রাম টেস্টেই যেমন প্রথম তিন দিনেই ২৮ উইকেট পরে গেছে। হিসাব মতো তো এই টেস্ট চার দিনেই শেষ হয়ে যাওয়ার কথা!
অবিশ্বাস্য কিছু না হলে, এ ম্যাচেও তাই কেউ না কেউ জয়ী হচ্ছেই, তা সেটা বাংলাদেশ হোক কিংবা ইংল্যান্ড। কোচ হাথুরুসিংহের ফর্মুলা মেনে ড্রয়ের লক্ষ্যে ‘দিন পার করে দেওয়া’র দিন শেষ। জয়ের লক্ষ্য নিয়েই বরং নামুক বাংলাদেশ!