টেস্ট থেকে ধোনির আকস্মিক অবসর

মহেন্দ্র সিং ধোনির টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন অনেক দিন ধরেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটারের কণ্ঠেই ঝরেছে ধোনির অধিনায়কত্ব নিয়ে সমালোচনা। তবে কেউ নিশ্চয় ভাবেননি, এভাবে আকস্মিকভাবে টেস্ট থেকেই অবসর নেবেন ভারত অধিনায়ক! মেলবোর্ন টেস্টের পর হঠাৎই ধোনি জানিয়েছেন—বিদায় টেস্ট!
বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। এ সিদ্ধান্ত কার্যকর হবে অনতিবিলম্বে।’ ভারতীয় ক্রিকেটে রীতিমতো ধাক্কা হয়ে এসেছে ধোনির এ সিদ্ধান্ত। তিনি এখন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেই মনোযোগ দেবেন। এর আগে ধোনি বিভিন্ন সময় জানিয়েছিলেন, ওয়ানডের আগে টেস্টকে বিদায় জানাবেন। কিন্তু এমন আকস্মিকভাবে, সেটি হয়তো কেউ ভাবেননি। বলা হচ্ছে, সিরিজের মাঝপথে হঠাৎ অধিনায়কের অবসর ঘোষণা ভারতের টেস্ট ইতিহাসে এটাই প্রথম। জানুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
রেলওয়ের টিটি থেকে ভারত অধিনায়ক
২০০৮ সালে দায়িত্ব নেওয়ার পর টেস্টে ধোনির রেকর্ড যথেষ্ট ভালো। ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৭টি, হেরেছেন ১৮টি ও ড্র ১৫টিতে। ২০০৯ সালে ধোনির নেতৃত্বে টেস্টে শীর্ষে উঠেছিল ভারত। তবে বিদেশের মাটিতে ধোনির রেকর্ড বলার মতো নয়। ২০১১ বিশ্বকাপ জেতার পরই ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজে ৪-০ হারের লজ্জা নিয়ে ফিরেছিল তার দল। সেবার অস্ট্রেলিয়া সফরেও একই ফল। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ১–০ ব্যবধানে সিরিজ হার, জুলাই-আগস্টে ইংল্যান্ডে গিয়ে হেরেছে ৩-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্টে সিরিজে এরই মধ্যে নিশ্চিত হয়েছে ভারতের সিরিজ হার।
সাম্প্রতিক সময়ে টেস্টে ধোনির পারফরম্যান্সও বলার মতো নয়। নিজের সঙ্গে লড়তে হচ্ছিল অনেক দিন ধরেই। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বললেন, ‘কেবল দুই ম্যাচে (এ সিরিজে) সে ধুঁকছে, তা নয়। টেস্ট ম্যাচে দলে যে পর্যায়ে পারফর্ম করার কথা, সেটা তার ছিল না। তবে অধিনায়কত্বের জন্য অনেক সময় পেয়েছে (৬০ ম্যাচ)।’
৩৩ বছর বয়সী ধোনির টেস্ট অভিষেক ২০০৫ সালের ডিসেম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে। খেলেছেন ৯০ টেস্ট। ৬ সেঞ্চুরিতে ৩৮.০৯ গড়ে রান ৪৮৭৬। তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো ও রয়টার্স।