টেস্ট দল থেকে নাসির বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেন
নাসির হোসেন

কোনো দলে সুযোগ পাওয়াটা সব সময়ই আনন্দের। কিন্তু কখনো কখনো তা কি বিষাদেরও নয়? নাসির হোসেনের কথাই ধরুন। ইডেন গার্ডেনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠেয় সিএবি এস কে আচার্য মেমোরিয়াল ট্রফির জন্য কাল ঘোষিত ১৫ সদস্যের বিসিবি একাদশ দলে তিনি আছেন। কিন্তু এই দলে থাকা মানেই যে জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত প্রথম দুটি টেস্টের দলে না-থাকা!
ঢাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট শুরু হচ্ছে ২৫ অক্টোবর থেকে। চার দলের সিএবি এস কে আচার্য মেমোরিয়াল ট্রফিও শুরু হচ্ছে একই দিন থেকে। বিসিবি একাদশ ছাড়াও সেখানে খেলবে মুম্বাই, কর্ণাটক ও স্বাগতিক বাংলা দল। টুর্নামেন্ট শেষ হবে ১ নভেম্বর, পরদিন থেকেই খুলনায় শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট। নাসির হয়তো পুরো টেস্ট সিরিজেই থাকবেন না। তবে আপাতত এটুকু নিশ্চিত করে বলা যাচ্ছে, অন্তত প্রথম দুটি টেস্টের দলে তিনি নেই।
২০১১ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে নাসিরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। টেস্ট অভিষেক ওই বছরেরই অক্টোবরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আবির্ভাবের কিছুদিনের মধ্যেই নাসির এতটাই অপরিহার্য হয়ে ওঠেন যে, গত তিন বছরে দল থেকে বাদ পড়েননি একবারও। তবে নিজেকে হারিয়ে খুঁজছিলেন অনেক দিনই। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই টেস্টের চার ইনিংসে করেছেন ২৪ রান, তিন ওয়ানডেতে ৫৮। ওয়ানডেতে ফিফটি নেই গত ১৪ ইনিংসে। টেস্টে সর্বশেষ ৯ ইনিংসে।
প্রথমবারের মতো টেস্ট দল থেকে বাদ পড়াটা এ রকম বাজে ফর্মেরই ফল আসলে। নাসিরের তাতে খারাপ লাগারই কথা। তবে সেটা সামলে নিয়ে কাল টেলিফোনে বললেন, ‘বিসিবি একাদশে সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করব এই টুর্নামেন্টে নিজের সেরা খেলাটা খেলে দলে ফিরতে।’ টেস্ট দল থেকে বাদ পড়লেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে হয়তো থাকবেন নাসির। ভারতে ভালো খেলে এই সম্ভাবনাটাকে শতভাগ নিশ্চিত করতে চান তিনি।
বিসিবি একাদশ: এনামুল হক (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, নুরুল হাসান, আরাফাত সানি, ইলিয়াস সানি, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, কামরুল ইসলাম, তাসকিন আহমেদ, মুক্তার আলী।