টেস্ট দলে আবার গাপটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিন গাপটিল
মার্টিন গাপটিল

সর্বশেষ টেস্ট খেলেছেন বছর দুয়েক আগে। তার পর থেকেই সাদা পোশাকে নিউজিল্যান্ড দলে ব্রাত্য মার্টিন গাপটিল। তবে ওয়ানডে দলে ছিলেন এবং সদ্য সমাপ্ত বিশ্বকাপের সবচেয়ে বেশি রানের মালিকও হয়েছেন। সেটারই পুরস্কার পেলেন গাপটিল। আগামী মাসে ইংল্যান্ড সফরে ১৫ জনের টেস্ট দলেও রাখা হয়েছে কিউই ওপেনারকে।
এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০১৩ সালের মে মাসে লিডসে সর্বশেষ তাঁর টেস্ট খেলা। ওই ম্যাচে দুই ইনিংসে ১ ও ৩ রান করেছিলেন। এরপর নিউজিল্যান্ডের টেস্ট দলে আর জায়গা হয়নি গাপটিলের। কিন্তু বিশ্বকাপে ৯ ম্যাচে ৬৮.৩৭ গড়ে সর্বোচ্চ ৫৪৭ রান করার পুরস্কার পেলেন ৩১টি টেস্ট খেলা ডানহাতি ওপেনার। ওয়ানডের এই ফর্মটা গাপটিল টেস্ট দলেও ধরে রাখতে পারবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড কোচ মাইক হেসন, ‘সে ধ্রুপদি ঘরানার ব্যাটসম্যান। সীমিত ওভারের ক্রিকেটে তার যে সাফল্য তা টেস্টেও না পাওয়ার কোনো কারণ দেখি না আমি।’
টেস্ট দলে ডাক পেয়েছেন ১০টি ওয়ানডেতে ১৭.৮২ গড়ে ২৩ উইকেট নেওয়া পেসার ম্যাট হেনরিও।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্টটি শুরু হবে ২১ মে। ২৯ মে হেডিংলিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। ২৩ জুন ওল্ড ট্র্যাফোর্ডে সফরের একমাত্র টি-টোয়েন্টিটি খেলবে নিউজিল্যান্ড। ৮ মে সমারসেটের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফর। এএফপি।

নিউজিল্যান্ড টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, লুক রনকি, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন।

ওয়ানডে ও টি-টোয়েন্টির দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, মিচেল ম্যাকলেনাহান, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিল্‌নে, লুক রনকি, মিচেল স্যান্টার, টিম সাউদি, রস টেলর, কেন উইলিয়ামসন।