টেস্ট দলে চার নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম, সাব্বির রহমান,  মেহেদী হাসান মিরাজ, ও   নুরুল হাসান
কামরুল ইসলাম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ও নুরুল হাসান

একসঙ্গে চার নতুন মুখ! ইংল্যান্ডের বিপক্ষে ২০ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে আসল চমক এটাই। নির্বাচক হাবিবুল বাশার ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে পাশে বসিয়ে কাল এম এ আজিজ স্টেডিয়ামে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

সাব্বির রহমান, নুরুল হাসান, কামরুল ইসলাম (রাব্বী) ও মেহেদী হাসান (মিরাজ)—টেস্ট দলে সুযোগ পাওয়া এই চার নতুনের কারও অন্তর্ভুক্তি নিয়েই অবশ্য কোনো প্রশ্ন নেই। দলে নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের জুলাই-আগস্টে খেলা সর্বশেষ টেস্ট দলের ছয় ক্রিকেটার রুবেল হোসেন, নাসির হোসেন, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শহীদ ও জুবায়ের হোসেন।

কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকা বাঁহাতি পেসার মোস্তাফিজের দলে না-থাকাটা অনুমিতই ছিলেন। জাতীয় লিগে চোটে পড়ায় রাখা হয়নি আরেক পেসার শহীদ ও উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনকে। ফর্ম ও টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন রুবেল, নাসির ও জুবায়ের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না, এমন আরও দুজন ক্রিকেটার ফিরেছেন এই দলে—শফিউল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী।

চার নতুনের পাশাপাশি ১৪ সদস্যের দলের উল্লেখযোগ্য দিক—দলে পেস বোলার মাত্র দুজন। প্রধান নির্বাচক মিনহাজুলের ব্যাখ্যা, ‘আগের টেস্টগুলোতেও আমরা এভাবেই দল করেছি। যেখানে উইকেট ফ্ল্যাট, সেখানে দুজন পেস বোলার নিয়েই আমরা খেলি।’

২০১৪ সালে টেস্ট অভিষেকের পর ১৩ ইনিংসে মাত্র একটি ফিফটি শুভাগতর। মাঝখানেও এমন কিছু করেননি যে, এক সিরিজ বাদ দিয়ে আবার টেস্ট দলে ফেরাতে হবে তাঁকে। তবে প্রধান নির্বাচকের কথা শুনে মনে হলো, শুভাগতকে দলে নেওয়া হয়েছে মূলত অফ স্পিনার হিসেবে, ‘আমরা অনেক দিন ধরে টেস্ট খেলি না। কিছু ক্ষেত্রে তাই পারফরম্যান্স মূল্যায়ন করেছি, কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা। ইংল্যান্ড দলে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে। সে জন্যই দলে অফ স্পিনার রাখা জরুরি ছিল।’

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ মেহেদীর সুযোগ পাওয়াও অনেকটা সে কারণে। ‘অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া ক্রিকেটে ও যথেষ্ট ভালো খেলেছে। আমাদের মনে হয়েছে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওর কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। তারও দেওয়ার আছে অনেক কিছু’—বলেছেন প্রধান নির্বাচক। পেসার কামরুল এর আগে জাতীয় দলে সুযোগ পেলেও এখনো অপেক্ষায় আছেন আন্তর্জাতিক অভিষেকের। তাঁর সুযোগ পাওয়াটাও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার। আরেকটি কারণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। মিনহাজুলই বলেছেন, ‘এখানে উইকেট অনেক ফ্ল্যাট এবং লো। পুরোনো বলে জোরে বল করার ক্ষমতা আছে ওর।’

জাতীয় লিগ খেলতে গিয়ে কাঁধে চোট পাওয়া লিটন এখনো ম্যাচ খেলার মতো ফিট নন। ‘ব্যাকআপ’ উইকেটকিপার হিসেবে সে কারণেই জাতীয় দলের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলা নুরুল হাসানকে নেওয়া। নুরুল আসায় অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটের পেছনে দাঁড়ানোটা সংশয়ের মধ্যে পড়ছে না বলে জানালেন কোচ হাথুরুসিংহে, ‘আমরা দুজন উইকেটকিপার রেখেছি, কারণ ম্যাচের দিন সকালেও যদি কারও কিছু হয় তখন তো উইকেটকিপার হিসেবে আরেকজনকে লাগবে। তবে এ মুহূর্তে মুশফিকই আমাদের কিপার। সোহানও (নুরুল হাসান) দেশের অন্যতম ভালো কিপার।’

টেস্ট দলে আসা নতুনদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতম সাব্বির। হাথুরুসিংহে তাঁকে নিয়েই বেশি আশাবাদী। কোচ এখন অঙ্ক কষছেন কীভাবে তাঁকে একাদশে সুযোগ দেওয়া যায়, ‘আমাদের হাতে এখন খেলোয়াড় বাছাইয়ের অনেক সুযোগ। দলের একটা জায়গার জন্য অনেক খেলোয়াড় হাতে থাকা ভালো। আমরা বেশ গুরুত্ব দিয়েই ভাবছি সাব্বিরকে কীভাবে একাদশে সুযোগ দেওয়া যায়।’

পুরোনোদের মধ্যে সৌম্য সরকারের ফর্মে ফেরার ব্যাপারেও অনেক আশা কোচের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। ওয়ানডেতেও চলছে ফর্মের সঙ্গে লড়াই। আফগানিস্তান সিরিজের তিন ম্যাচে ৩১ রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের কোনোটিতে খেলারই সুযোগ পাননি। তারপরও তাঁকে টেস্ট দলে রাখার ব্যাখ্যা দিতে গিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘তার ফর্ম নিয়ে আমরাও চিন্তিত। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই ওকে সুযোগ দিচ্ছি। সে ভালো খেলোয়াড়। ফর্ম খারাপ হলেও তা সাময়িক।’

প্রথম টেস্টের দল

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, শুভাগত হোম চৌধুরী, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান (মিরাজ), শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, নুরুল হাসান।