টেস্ট দলে নতুন মুখ নাঈম, ফিরলেন কামরুল, মোসাদ্দেক
* শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১৪ জনের দল দিয়েছে বিসিবি। দলে নতুন মুখ নাঈম হাসান।
* দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন ও কামরুল ইসলাম রাব্বী।
* চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু ৩১ জানুয়ারি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১৪ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ নাঈম হাসান। ১৭ বছর বয়সী এই অফ স্পিনার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এখন নিউজিল্যান্ডে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন ও কামরুল ইসলাম রাব্বী। বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।
অনূর্ধ্ব-১৯ দলে তো ছিলই, নাঈম ছিল বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি), ইমার্জিং দলেও। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ এই অফ স্পিনারকে দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আমাদেরকে আরেকজন অফ স্পিনার দরকার ছিল। সে প্রতিভাবান, জাতীয় দলে আশা করি ভালো করতে পারবে।’
কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টের পর দলে ফিরেছেন মোসাদ্দেক। মাঝে তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন চোখের সংক্রমণে। চোখের সংক্রমণ কাটিয়ে ফেরা মোসাদ্দেক কদিন আগে বিসিএলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন।
মোসাদ্দেকের মতো কামরুলও দলে ফিরেছেন প্রায় ৯ মাস পর। গত মার্চে শ্রীলঙ্কা সফরে থাকলেও তাঁর শেষ টেস্ট ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে। দুজনের ফেরা নিয়ে মিনহাজুলের ব্যাখ্যা, ‘মোসাদ্দেক মাঝে চোখের সংক্রমণে ছিল। খেলতে সমস্যা হচ্ছিল এখন মনে করছি সে পুরোপুরি ফিট। তার ফিটনেস রিপোর্ট দেখে মনে হয়েছে খেলতে পারবে। যেহেতু দেশের মাঠে খেলা, পুরোনো বলে ভালো করার সামর্থ্য আছে বলেই রাব্বীকে (কামরুল) নেওয়া।’

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু ৩১ জানুয়ারি।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ–অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও নাঈম হাসান।