টেস্ট দলে ফিরতে চান ম্যাক্সওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর হলো অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তবে ২০১৩ সালের মার্চে ভারতের বিপক্ষে টেস্ট অভিষিক্ত ক্রিকেটারটি এই সময়ে টেস্ট খেলেছেন মাত্র তিনটি! সর্বশেষ টেস্ট ২০১৪ সালের অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পাকা হয়ে গেলেও সাদা জার্সির সঙ্গে এখনো ঘনিষ্ঠতা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। টেস্ট দলে নিয়মিত হওয়াটাই এখন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের পাখির চোখ। ক্রিকেট অস্ট্রেলিয়া।
টাইমিং ভালো, বলের ধরন বুঝে খেলেন সোজা ব্যাটেই। সেরা অবস্থায় ওয়ানডের এই দুর্ধর্ষ ব্যাটসম্যানের খেলা দেখাটা চোখের জন্য প্রশান্তি। মাঝে মাঝে বেশ অযৌক্তিক ও দায়িত্বহীন শট খেলেন—ম্যাক্সওয়েলের ব্যাটিং নিয়ে এই সমালোচনাও আছে। গত বিশ্বকাপ ছিল তাঁর বদলে যাওয়ার উপলক্ষ। দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা পেয়ে গেছেন ‘টিম অব দ্য টুর্নামেন্টে’। তার চেয়ে বড় ব্যাপার, অস্ট্রেলীয় নির্বাচক, সংবাদমাধ্যম ও সাধারণ ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছে সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটিই—ধারাবাহিকতা।
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলে জায়গাটাকে ম্যাক্সওয়েল নিজেই ‘ঘরের মতো নিরাপদ’ মনে করছেন, ‘১২ মাস আগেও দলে জায়গা নিয়ে অনিশ্চিত ছিলাম। বিশ্বকাপের পর থেকে নিরাপদ বোধ করছি। এটা আমার জন্য স্বস্তিদায়ক।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা নিশ্চিত করার পর ম্যাক্সওয়েলের দৃষ্টি এখন বাংলাদেশ সফরে টেস্ট দলে জায়গা করে নেওয়া। অ্যাশেজের পরে দলে যে বদলের ডাক এসেছে, সীমিত ওভারের ধারাবাহিকতাকে পুঁজি করে সেই সুযোগটাই নিতে চান এই ডানহাতি।