জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টেস্ট দলে অর্ন্তভুক্ত করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ মাস পর বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন তিনি।
সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের এ অধিনায়ক। আজ এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিসিবি।
গত বুধবার জিম্বাবুয়ে সফরের ১৭জনের দল ঘোষণা করা হয়। আজ সে দলে অর্ন্তভুক্ত করা হলো মাহমদুউল্লাহকে। পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন মাহমুদউল্লাহ।
২৯ জুন বাংলাদেশ টেস্ট দল উড়াল দেবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের চূড়ান্ত টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।