গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক রকমই। কোহলি আসতে চাইছেন না বাংলাদেশে, ধোনিকে বিশ্রাম দিতে চায় বিসিসিআই, সিনিয়র খেলোয়াড়েরা গণছুটির আবেদন করেছেন—আরও কত কিছু! শেষ পর্যন্ত সবকিছু গুঞ্জনের মতোই হাওয়ায় মিলিয়ে গেল। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা। যথারীতি বিরাট কোহলির কাঁধে থাকছে টেস্ট দলের নেতৃত্ব, ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। এর বাইরে বড় খবর, প্রায় দুই বছর পর স্পিনার হরভজন সিং ডাক পেয়েছেন। তাঁকে শুধু টেস্ট স্কোয়াডেই রাখা হয়েছে।
কিছু খেলোয়াড় যে বিশ্রাম চেয়েছিলেন সেটা অবশ্য খোলাখুলিই বলেছেন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল। তবে সেই আবেদন কেন গৃহীত হয়নি সেই ব্যাখ্যাও দিয়েছেন পাতিল, ‘আমরা কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকে বিশ্রামের অনুরোধ পেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম মাথায় রেখে আমরা চেয়েছি পুরো শক্তির দল নিয়েই সফরে যেতে।’ এ কারণেই বাংলাদেশ সফরে কোহলি শুধু টেস্ট খেলবেন—এমন কানাঘুষা শোনা গেলেও তাঁকে টেস্ট-ওয়ানডে দুই দলেই রাখা হয়েছে।
টেস্ট থেকে ধোনির অবসর নেওয়ায় সাদা পোশাকে নিয়মিত উইকেটকিপার হিসেবে খেলবেন পশ্চিমবঙ্গের ঋদ্ধিমান সাহা। হাঁটুর চোট দল থেকে ছিটকে দিয়েছে বিশ্বকাপে দারুণ খেলা মোহাম্মদ শামিকে। অন্যদিকে ওয়ানডে দলে থাকলেও পড়তি ফর্ম টেস্ট দল থেকে ছেঁটে ফেলেছে রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়নাকে৷ হরভজনের মতো আরও কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে ‘সম্মানজনক বিদায়’ দিতে ফেরানো হতে পারে—এমন গুঞ্জন শোনা গেলেও পাতিল ও বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, যুবরাজ সিং কিংবা গৌতম গম্ভীরদের নাম আলোচনাতেই আসেনি!
৩৪ বছর বয়সী হরভজন যে ফিরলেন, তাতে হয়তো বড় ভূমিকা আছে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স (১৪ ম্যাচে ১৬ উইকেট)। পরশু চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচেও দারুণ বল করেছেন, ৪ ওভারে ২৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ওই ম্যাচের পরই বলেছিলেন, ‘আমার একটা ঐকান্তিক ইচ্ছা আছে আবার ভারতের হয়ে খেলা। এ কারণেই আমি এখনো ক্রিকেট খেলে যাচ্ছি।’ পরদিনই টেস্ট দলে ডাক পাওয়ায় সেই ইচ্ছে পূরণের পথে অনেকটা এগোলেন হরভজন। তবে টেস্ট দলে থাকলেও একাদশে সুযোগ পাবেন কি না সেটা নিয়ে সন্দেহ এখনো থেকেই যাচ্ছে। আরেক অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আছেন দলে। দুই অফ স্পিনার নেওয়ার সপক্ষে সন্দীপ পাতিলের যুক্তি, ‘বাংলাদেশ দলে ৬ জন বাঁহাতি ব্যাটসম্যান। এটা মাথায় রেখেই আমরা দুজন অফ স্পিনার রেখেছি।’ ক্রিকইনফো, ক্রিকেট নেক্সট।
ভারতের টেস্ট ও ওয়ানডে দল
টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কর্ণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন ও ইশান্ত শর্মা।
ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।