টেস্ট দলে ম্যাক্সওয়েল-ও'কিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়া নাড়ছিলেন তিনি অনেক দিন ধরেই। খোলা হয়নি দরজা। হতাশায় মাঝেমধ্যে যখন নুইয়ে ফেলেছেন মাথা, কিংবা তাকিয়েছেন এদিক-সেদিক, সেই সুযোগে কতজন ঢুকে গেছে খোলা দরজা পেয়ে! কিন্তু তাঁর জন্য বন্ধই থেকেছে দরজা। তিনি তবু কড়া নেড়েই গেছেন। অবশেষে পেলেন প্রচেষ্টার পুরস্কার। খুলল স্বপ্নের দরজা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। রঙিন পোশাকে মাতিয়ে সাদা পোশাকে ঝড় তোলার সার্টিফিকেট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। সঙ্গে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ, সাবেক কোচ মিকি আর্থার যাঁকে বলেছিলেন বিশ্ব-ক্রিকেটের পরবর্তী জ্যাক ক্যালিস।
দুই টেস্টের এই সিরিজ আগামী মাসে হবে আরব আমিরাতে। টেস্টের আগে আছে একটি টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডের সিরিজের অস্ট্রেলিয়া দলও ঘোষণা করা হয়েছে। অনুমিতভাবেই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে জর্জ বেইলির উত্তরসূরি মনোনীত হয়েছেন অ্যারন ফিঞ্চ। দলে সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সী লেগ স্পিনার ক্যামেরন বয়েস ও ২২ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার শন অ্যাবট। অ্যাবট আছেন ওয়ানডে দলেও। ছুটি ও চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন। টপ অর্ডারে এই দুজনকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে ভালো করা ফিল হিউজকে।
হিউজের এই আক্ষেপ অবশ্য ঢাকা পড়ে যাচ্ছে আরেকটি আনন্দে। আরেকবার ফিরেছেন টেস্ট দলে! অভিষেকে ৭৫ ও দ্বিতীয় টেস্টেই স্টেইন-এনটিনি-মরকেলদের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করা হিউজ ৫ বছরের টেস্ট ক্যারিয়ারে আছেন আসা-যাওয়ার মধ্যেই। এবার একাদশে জায়গার জন্য তাঁকে লড়তে হবে অ্যালেক্স ডুলানের সঙ্গে। কদিন আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে করেছিলেন দুটি ডাবল সেঞ্চুরি। ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন মার্শ। সঙ্গে সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সও নেওয়া হয়েছে বিবেচনায়। ম্যাক্সওয়েলের ব্যাপারটি ভিন্ন। প্রধান নির্বাচক রড মার্শ নিজেই বলছেন, ব্যাগি গ্রিনের দাবি জানানোর মতো পারফর্ম এখনো করতে পারেননি এই খুনে অলরাউন্ডার। তবু নেওয়া হয়েছে সাঈদ আজমলের বিপক্ষে ভালো রেকর্ড আর ‘এক্স ফ্যাক্টর’ বিবেচনায়।
ও’কিফের ক্ষেত্রে যেমন বিবেচ্য ছিল বাঁহাতি স্পিনে পাকিস্তানিদের দুর্বলতা আর কদিন আগেই রঙ্গনা হেরাথের ২ টেস্টে ২৩ উইকেট নেওয়ার টাটকা উদাহরণ। হেরাথের সঙ্গে মিলিয়েই ও’কিফকে নেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন প্রধান নির্বাচক, ‘হেরাথের উচ্চতা ও’কিফের মতোই। দুজনের কেউই বল খুব বেশি টার্ন করায় না। দুজনই নির্ভর করে নিয়ন্ত্রণ, লাইন-লেংথ ও বৈচিত্র্যে।’ নাথান লায়নের সঙ্গে আরেকজন স্পিনার খেলানোর পরিকল্পনা থাকলেই অবশ্য অভিষেক হবে ও’কিফের। শেষ পর্যন্ত ব্যাগি গ্রিন পেলে শেন ওয়ার্ন-পরবর্তী যুগে ও’কিফ হবেন ১৪তম স্পিনার।
মার্শের নেতৃত্বে মার্ক ওয়াহ, ট্রেভর হন্স ও কোচ ড্যারেন লেম্যানের নির্বাচক কমিটির প্রথম দল এটি। ৫ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। এএফপি, ক্রিকইনফো।