টেস্ট দলে সৌম্য-লিটন-শহীদ

ম্যাচ না খেললেও কালকের টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে ছিলেন লিটন কুমার দাস। সৌম্য সরকারের তো এই ম্যাচে টি-টোয়েন্টি অভিষেকই হয়ে গেল, এর আগে খেলে ফেলেছেন ১০টা ওয়ানডেও। কাল ঘোষিত প্রথম টেস্টের দলে এই দুজনের সঙ্গে আছেন পেস বোলার মোহাম্মদ শহীদ। ২৮ এপ্রিল থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে নতুন মুখ এই তিনজনই।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা পাঁচজন নেই দলে—শামসুর রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, আল আমিন ও এনামুল হক। যে তিন তরুণ দলে এলেন, তাঁদের মধ্যে চমক বলতে হবে শহীদকেই। ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের পর সৌম্য যে টেস্টেও সুযোগ পেতে পারেন, সেটা অনুমান করা যাচ্ছিল। আর লিটনও বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ঢুকে পড়েছেন কালকের টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই।
তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দলটাকে ভারসাম্যপূর্ণ বলেছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, ‘দলে যারা নতুন এসেছে, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স দিয়েই তারা দলে ঢোকার দাবি জানাচ্ছিল। লম্বা স্পেলে বল করার সামর্থ্য আছে শহীদের, প্রথম শ্রেণির ক্রিকেটেও সে ধারাবাহিক পারফরমার।’ লিটন আর সৌম্যর ব্যাপারে তাঁর ব্যাখ্যা, ‘গত কয়েক মৌসুমে অনেক রান করেছে লিটন। সৌম্যও ওয়ানডেতে খুব ভালো শুরু করেছে।’ ফারুক অবশ্য আভাস দিয়েছেন, একাদশে যদি সুযোগ পানও, হয়তো ওয়ানডের মতো ওপেনিংয়ে নামা হবে না সৌম্যর। তবে তাঁর আশা, তরুণ এই ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং গভীরতা বাড়াবে।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।