টেস্ট দলে হেলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, ২০১৪ সালে ওয়ানডেতে। এবার ইংল্যান্ডের টেস্ট দলেও ডাক পেলেন অ্যালেক্স হেলস। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, চার ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত তিনটি দলেই আছেন আক্রমণাত্মক এই ব্যাটসম্যান।
হেলস দলে ঢুকেছেন অ্যাশেজে ব্যর্থ ওপেনার অ্যাডাম লিথের জায়গায়। অ্যাশেজে ৯ ইনিংসে ১২.৭৭ গড়ে মাত্র ১১৫ রান লিথের। তবে হেলসের অ্যালিস্টার কুকের ওপেনিং সঙ্গী হওয়াটা নির্ভর করছে ইংল্যান্ড কীভাবে একাদশ সাজায় তার ওপর। আমিরাতের স্পিন-সহায়ক উইকেটে একজন অতিরিক্ত স্পিনারকে একাদশে রাখতে মঈন আলী অথবা হেলসের মতোই টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা জাফর আনসারিকেও ওপেনিংয়ে নামিয়ে দিতে পারে ইংল্যান্ড। ২৩ বছর বয়সী আনসারি চলতি মৌসুমে কাউন্টি ক্রিকেটে বাঁহাতি স্পিনে ৪৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে সাত শর বেশি রানও করেছেন। টেস্ট দলে ফিরেছেন ২০১২ সালে দুটি টেস্ট খেলা ব্যাটসম্যান জেমস টেলরও।
ইংল্যান্ডের সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। ১৩ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে আবুধাবিতে। ক্রিকইনফো, বিবিসি।