দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যখন জয়ের পথে, তখনই এলো সংবাদ বিজ্ঞপ্তিটা। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল অপরিবর্তিত থাকছে। সঙ্গে চট্টগ্রামে প্রথম টেস্টের দলও জানিয়ে দেওয়া হলো, যেটিতে অবশ্য পরিবর্তন আছে। ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলা দলটি থেকে বাদ পড়েছেন আবুল হাসান ও শুভাগত হোম চৌধুরী। আঙুলের চোট কাটিয়ে ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটেছে মাহমুদউল্লাহর। টেস্ট দলে তাঁর ফেরাটাও তাই প্রত্যাশিতই ছিল। নতুন মুখ একটাই। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে নিজেকে প্রমাণ করার পর টেস্ট দলেও ডাক পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
শুভাগত হোম চৌধুরী বাংলাদেশের সর্বশেষ ৮টি টেস্টের ৭টিতেই খেলেছেন। রান করেছেন ২১৩, হাফ সেঞ্চুরি মাত্র একটি। বিশেষজ্ঞ অফ স্পিনার হিসেবে তাঁর সর্বশেষ যে পরিচিতি, সেই ভূমিকায় পারফরম্যান্স আরও ম্লান। উইকেট মাত্র ৮টি, সেরা ৬৬ রানে ২ উইকেট। শুভাগত হোমের বাদ পড়ায় তাই বিস্ময়ের কিছু নেই।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।