টেস্ট দলের ক্রিকেটারদের ওয়ানডেতে ডাকার ব্যাখ্যা দিলেন মিনহাজুল

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইবাদত হোসেন, ইয়াসির আলী ও মাহমুদুল হাসানের।

সাদা বলে অভিষেকের অপেক্ষায় থাকা এই তিন ক্রিকেটার ডাক পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। দেশের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলা নাসুম আহমেদকেও রাখা হয়েছে বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে দলে।

গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক মাহমুদুলের। অভিষেকে ব্যর্থ হলেও তরুণ এই ব্যাটসম্যান নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুণ ব্যাট করেন।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে ৮ ইনিংসে করেছেন ২০৯ রান।
ওয়ানডে ম্যাচে মাঝের ওভারগুলোতে তাঁর ব্যাটিং দক্ষতা দলের জন্য কার্যকরী হবে বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহমুদুল
ফাইল ছবি: প্রথম আলো

আজ দল ঘোষণার পর প্রধান নির্বাচক মাহমুদুলকে নিয়ে বলেছেন, ‘ও যে ধাঁচে ব্যাট করে, আমরা তাঁকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। মিডল অর্ডারে, টিম ম্যানেজমেন্ট যখন যেখানে মনে করে, তাঁকে ব্যবহার করতে পারবে। অনেক নির্ভরযোগ্য ও আত্মবিশ্বাসী ব্যাট করে। যদি এভাবেই আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করে, তাহলে অনেক দিন দেশের হয়ে খেলতে পারবে।’

টেস্ট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসিরের বর্তমান ফর্মও তাঁকে ওয়ানডে দলে জায়গা পেতে সাহায্য করেছে। উন্নতি চোখে পড়েছে ইবাদত হোসেনের বোলিংয়েও। টেস্ট দলের এই পেসারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর উন্নতি দেখতে পাচ্ছেন নির্বাচকেরা। সে কারণেই নাকি তাঁকে ওয়ানডেতে সুযোগ দেওয়া, ‘ইবাদত আমাদের টেস্ট বোলার। সংক্ষিপ্ত ফরম্যাটে আমরা দেখছি তাঁর নিয়ন্ত্রণ যথেষ্ট ভালো। এ জন্য তাঁকে বিবেচনা করা।’

টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ নাসুমও পেয়েছেন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার। বিশেষ করে প্রথম শ্রেণি ও বিপিএলে নিয়মিত উইকেট নেওয়ায় টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও ডাক পেলেন। মিনহাজুল জানালেন ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে ভালো করার ফল পেলেন বাঁহাতি এ স্পিনার।

স্পিনার নাসুম আহমেদ
ছবি: প্রথম আলো

এবার আফগানিস্তান সিরিজের মাহমুদুল, ইয়াসির, নাসুম ও ইবাদত ছাড়াও দলে ঢুকেছেন নাজমুল হোসেন। গত কয়েকটি সিরিজে নাজমুলকে শুধু টেস্টের জন্যই বিবেচনা করা হয়েছিল। এই বাঁহাতি ব্যাটসম্যানের সাদা বলে পারফরম্যান্স নিয়েও মিনহাজুল আশাবাদী। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই তাঁকেই নেওয়া হয়েছে বলে জানান মিনহাজুল।