টেস্ট দিয়ে যখন টি-টোয়েন্টির 'টেস্টিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টির অনুশীলন ভালো হলো না সাব্বিরের। ছবি: শামসুল হক
টি-টোয়েন্টির অনুশীলন ভালো হলো না সাব্বিরের। ছবি: শামসুল হক
• টি-টোয়েন্টির অনুশীলন সারতেই শেষ টেস্টে ডাকা হয়েছিল সাব্বিরকে।
• ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।
• সিরিজের দ্বিতীয় টেস্টে ভয়াবহ ব্যাটিং করেছে বাংলাদেশের সব ব্যাটসম্যানই।

টেস্ট মানে কী? 

অভিধান জানাচ্ছে পরখ করে দেখা।

স্কুলজীবনে টেস্ট শব্দটার একটা বিশেষ মানে ছিল। তখন টেস্ট বলতে একটা জিনিসই বোঝানো হতো, এসএসসি পরীক্ষা দেওয়ার টিকিট। ওতে পাস-ফেলেই নির্ধারিত হতো আসল পরীক্ষায় বসা হবে কার! বাংলাদেশি মানেই হয়তো তাই ভেবে নেন, টেস্ট মানে হলো আসল পরীক্ষার আগের ধাপ। অতটা গুরুত্ব না দিলেও চলে, আসল ব্যাপার তো পরে!

মিনহাজুল আবেদীন তো বাংলাদেশিই, তাঁর পাসপোর্টের রংটাও নিশ্চয় সবুজ। তো অমন চিন্তা তাঁর মাথায়ও নিশ্চয় খেলা করে। টেস্ট ক্রিকেটটাও তাই তাঁর কাছে পরখ করবার ব্যাপার। আসল ক্রিকেট তো টি-টোয়েন্টি। সপ্তাহের শেষ দিকে সেই ‘মহাগুরুত্বপূর্ণ’ টি-টোয়েন্টি সিরিজ। তাই টেস্ট দিয়েই খেলোয়াড় পরখ করতে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক।

টেস্ট দিয়ে টি-টোয়েন্টির ব্যাটসম্যান পরখ! ভাবছেন, মশকরা চলছে? নারে, ভাই। অমন মশকরা করা কি সবার পক্ষে সম্ভব! মিনহাজুল নিজেই বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজে ওকে (সাব্বির) নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ওর তো অনুশীলনও দরকার। তাকে যদি কোথাও না রাখি, তাহলে তো অনুশীলনের সুবিধাও পাবে না।’

এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড মুশফিক। ছবি: প্রথম আলো
এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড মুশফিক। ছবি: প্রথম আলো

দেখলেন তো, সাব্বিরকে অনুশীলন করার জন্যই টেস্ট খেলতে নামিয়ে দেওয়া হয়েছিল। তা অনুশীলন করেছেনও সাব্বির। সুইপ-রিভার্স সুইপ খেলার ক্ষমতা কাজে লাগিয়ে গোটা পাঁচেক বল খেলেছেন। সে ৫ বলে দুবার আউট হয়েছেন আর রান পেয়েছেন মাত্র ১টি—এসব বলে বিভ্রান্ত করতে চাইছেন? বলতে চাইছেন সাব্বিরকে দলে ডাকা ঠিক হয়নি? উঁহু, ওসব ভুলেও ভাবা যাচ্ছে না।

আরে বাপু, সাব্বিরকে ডাকা হয়েছে কার বদলে? ওই যে মোসাদ্দেক হোসেনের বদলে। তো, মোসাদ্দেকই-বা কী এমন ব্যাটসম্যান। সেই কবে কোন এক কলম্বো টেস্টে অভিষেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়া ‘৭৫ রান’ করেছিলেন, তাতেই তাঁকে দলে রাখতে হবে! প্রথম শ্রেণিতে না হয় কয়েকটা ডাবল সেঞ্চুরি মেরেছেন, সাব্বিরের দ্বিগুণের বেশি সেঞ্চুরি করেছেন। ৬৬ গড়ে রান করেছেন বলেই কি আর জাতীয় দলে জায়গা নিশ্চিত হয়! হোক না, ১০ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সাব্বিরের যত রান, সেটা এর অর্ধেক সময় আর অর্ধেক ম্যাচেই টপকে গেছেন মোসাদ্দেক।

এ কারণেই তো ৬৬ গড়ের মোসাদ্দেকের বদলে স্পিনিং উইকেটে ‘৩১ গড়ে’র সাব্বিরকে আনা। হাজার হলেও এই আমরাই তো বলি, ঘরোয়া ক্রিকেটের মান ভালো না। খারাপের খারাপ মানে তো ভালো, তাই না? যুক্তিবিদ্যার স্বল্প জ্ঞানে তো সেটিই মনে হচ্ছে।

ঢাকা টেস্টে সাব্বির শুধু ১ রান করেই অনুশীলন সারেননি, বেশ কিছু ক্যাচ ফেলে টি-টোয়েন্টির জন্য হাতটাকে প্রস্তুত করে নিয়েছেন। সে ক্যাচগুলো ধরলেও ম্যাচে বাংলাদেশের ভাগ্য খুব একটা অদলবদল হতো বলে মনে হয় না।

মিরপুরের এ ভয়ংকর উইকেটে পঞ্চম দিনে যেন ব্যাট করতে না হয়, সে ব্যবস্থা যে পুরো দল মিলেই নিয়েছে। সে কারণেই তো ১১ ব্যাটসম্যানকে দুবার ব্যাট করতে পাঠিয়েও ৮০ ওভার খেলানো গেল না। কালো পিচটা পঞ্চম দিনে কী রূপ নেয়, তার ঠিক আছে! আড়াই দিনে টেস্ট শেষ করে দেওয়া হলো। মহাগুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাড়তি দুদিন সময়ও পাওয়া গেল। স্বয়ং বীরবলের ঘটেও তো অমন বুদ্ধি ছিল না।

কোমল পানীয়ের বোতল খুললেই যেমন বুদ্‌বুদ বের হবেই, ঠিক তেমনি ক্যাচ ফসকানোর প্রসঙ্গেই চলে আসবে ইমরুল কায়েসের নাম। ঢাকায় অবশ্য দুর্দান্ত ফিল্ডিং প্রদর্শনীতে দর্শকের হৃৎকম্পন কিংবা রক্তচাপ কোনোটাই বাড়ানোর সুযোগ পাননি কায়েস। ব্যাট হাতেই যা করার করেছেন। টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তাঁর, অনুশীলনের ব্যাপার-স্যাপারও ছিল না। কিন্তু ভালো ব্যাটসম্যানরা তো সুযোগ হাতছাড়া করেন না।

এগিয়ে এসে স্লিপে ক্যাচ অধিনায়কের। ছবি: প্রথম আলো
এগিয়ে এসে স্লিপে ক্যাচ অধিনায়কের। ছবি: প্রথম আলো

মিরপুরের এই উইকেটেই বারবার এগিয়ে এসে শট খেলেছেন। দু-একটা মাঝব্যাটে লেগেছে, অধিকাংশ ব্যাটের কোনায়। যতক্ষণ উইকেটে ছিলেন, টি-টোয়েন্টির উত্তেজনা দিয়েছেন দর্শকদের। টেস্ট ক্রিকেট বোরিং? উঁহু, ইমরুল থাকতে কখনোই নয়। টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ের পাঠে এ ইনিংসের ভিডিও দেখানোর ব্যবস্থা রাখা উচিত।

অবশ্য বাংলাদেশের পুরো ইনিংসটাই সে পাঠে আশ্রয় পাবে। ব্যাট ও প্যাডের মাঝে কতটা ফাঁক রেখে রক্ষণাত্মক খেলা যায় কিংবা রক্ষণাত্মক খেলতে গিয়ে কীভাবে খোঁচা দিয়ে ক্যাচ তোলা যায়—এসব দেখার সুযোগ তো সব সময় হয় না। ইতিবাচক ক্রিকেট কীভাবে খেলতে হয়, সে শিক্ষাটাও পাওয়া গেল এ ম্যাচে। ইতিবাচক ক্রিকেট মানেই তো বলে বলে এগিয়ে এসে ছক্কা হাঁকানো, তাই না? ডেভিড ওয়ার্নার কিংবা বিরাট কোহলিরা অমনটাই তো করেন, নাকি! মাথা-টাথা চুলকে অমন দৃশ্য কি মনে আসছে না?

অবশ্য টেস্ট ক্রিকেটে কে কী করেছে, সেটাইবা কার মনে রাখতে ঠেকা পড়েছে? টেস্ট তো আসলে টি-টোয়েন্টির অনুশীলন!