টেস্ট পেতে খুলনার লড়াই
একই শহরে দুটি টেস্ট, অথচ খুলনায় কোনো ম্যাচ নেই। এটা মানতেই পারছেন না খুলনার ক্রিকেট সংগঠকেরা। জিম্বাবুয়ে সিরিজের অন্তত একটি টেস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। বিসিবিতে খুলনার কাউন্সিলর, বিসিবি পরিচালক ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেলের দাবি, একটি টেস্ট তাঁরা খুলনায় আয়োজন করেই ছাড়বেন। এ জন্য হোটেল, বিমানবন্দর সড়ক উন্নয়নসহ যা কিছু করা প্রয়োজন, তার ব্যবস্থা নেবেন তাঁরা।
দেশের মাটিতে প্রথমবার তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজের প্রথম দুটি টেস্ট রাখা হয়েছে চট্টগ্রামে, শেষটি মিরপুরে। পাঁচ ওয়ানডের প্রথম তিনটি মিরপুরে, শেষ দুটি আবার চট্টগ্রামে। ২০১২ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পানিনিষ্কাশনব্যবস্থা উন্নয়নের সময় টেস্ট অভিষেক হয় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচটিই হয়ে আছে এখন পর্যন্ত খুলনার একমাত্র টেস্ট। দুই টেস্টের সিরিজ হলে বরাবরই ম্যাচ হয় মিরপুর ও চট্টগ্রামে। তবে তিন টেস্টের সিরিজেও খুলনার একটি ম্যাচ না পাওয়া অবাক করেছিল অনেককে। সম্ভবত দেশের সেরা পানিনিষ্কাশনব্যবস্থা এখন খুলনা স্টেডিয়ামেরই। আউটফিল্ডও দারুণ, উইকেট বেশ ভালো। তবে বিসিবির ব্যাখ্যাও ছিল যৌক্তিক। আইসিসির চাহিদামতো মানসম্পন্ন হোটেল নেই খুলনায়। বিমানবন্দর বেশ দূরে (যশোরে), খুলনা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার অবস্থাও বেশি সুবিধার নয়।
সমস্যাগুলো স্বীকার করেই সেসব সমাধানের প্রতিশ্রুতি দিলেন শেখ সোহেল, ‘হোটেলের মান এমনিতে খুব খারাপ নয়। মূল সমস্যা সুইমিংপুল নেই। আমরা হোটেল কর্তৃপক্ষকে বলেছি সুইমিংপুল করতে। তারাও ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এটা নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আমার। যোগাযোগমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি যাতে অক্টোবরের আগেই বিমানবন্দর সড়ক উন্নয়নের কাজ করা হয়। বিসিবি-প্রধানের সঙ্গেও কথা হয়েছে আমার। উনি বলেছেন ঘাটতিগুলো দূর করতে পারলে অবশ্যই একটি টেস্ট খুলনায় আয়োজন করা হবে। আমরা তাই দারুণ আশাবাদী।’
খুলনার জন্য আশার কথা শোনালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও, ‘বিসিবির একটি পরিদর্শক দল শিগগিরই খুলনার অবস্থা দেখতে যাবে। সমস্যা যা আছে, সেসবের সমাধান তাদেরই করতে হবে। এ মুহূর্তে শুধু এটুকু বলতে পারি, একটি টেস্ট খুলনায় হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে।’