
চা-বিরতির আধঘণ্টার মতো বাকি। ইয়াসির শাহকে সুইপ করতে গিয়ে অ্যালিস্টার কুক ক্যাচ দিলেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ওয়াহাব রিয়াজের হাতে। ইয়াসিরের বুক চাপড়ানোর ফাঁকেই ক্যামেরা মুহূর্তের জন্য ঘুরে এল ইংলিশ ড্রেসিংরুম। বিমর্ষ মুখগুলোই যেন বলে দিচ্ছিল, টেস্টের সম্ভাব্য ফল বুঝে গেছেন তাঁরা।
দুবাইয়ে কাল চতুর্থ দিন শেষে যা হিসাব-নিকাশ, তাতে এই টেস্টটা জিততে ইংল্যান্ডকে করতে হবে আরও ৩৬১ রান। ড্র করতে হলে বাকি ৭ উইকেট নিয়ে টিকে থাকতে হবে পুরো একটা দিন। বলা বাহুল্য, এই ৭ উইকেটের মধ্যে ‘অ্যালিস্টার কুক’ নামে কেউ নেই। আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করে যিনি ইংল্যান্ডকে এনে দিয়েছিলেন নাটকীয় এক জয়ের সুযোগ।
টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮। দুবাইয়ে ইংল্যান্ডের জন্য পাকিস্তানের ছুড়ে দেওয়া লক্ষ্যটা তার চেয়েও ৭৩ রান বেশি। এত বড় রান তাড়া করতে নেমে শুরুতেই কুকের বিদায় বড় ধাক্কা নয় তো কী! কুকের আগেই মঈন আলী গেছেন, পরে গেছেন ইয়ান বেলও। দিন শেষে ৫৯ রানে অপরাজিত জো রুটের ব্যাটই যা একটু আশা দেখাচ্ছে ইংলিশদের।
পাকিস্তানি বোলারটা বিকেলটা ইংল্যান্ডের হতে দেননি। আর সকালটা নিজের করে নিয়েছেন ইউনিস খান। টেস্ট ক্রিকেটে চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে নয় হাজার রানের মাইলফলক পেরিয়েছিলেন আগের দিনই। কাল আরও ৪৭ রান যোগ করার পর এখন টেস্টে ইউনিসের রান ৯ হাজার ৭১। এর মাঝেই ৩৭ বছর বয়সী পাকিস্তানি ব্যাটসম্যান পেয়ে গেছেন তাঁর ৩১তম টেস্ট সেঞ্চুরি। এই ৩১ সেঞ্চুরির ১০টিই এসেছে সংযুক্ত আরব আমিরাতে। বিদেশ হয়েও দেশটি যেন আসলেই ইউনিসের ঘর হয়ে উঠেছে!
দলের দ্বিতীয় ইনিংসে এটি ইউনিসের ১২তম সেঞ্চুরি, এ ক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু কুমার সাঙ্গাকারা (১৪), অ্যালিস্টার কুক ও শচীন টেন্ডুলকার (১৩)। আগের দিন ৮৭ রানে অপরাজিত মিসবাহর জোড়া সেঞ্চুরির স্বপ্ন ভেঙে গেছে খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই। কোনো রান যোগ করার আগেই আউট হয়ে গেছেন মিসবাহ। এরপরই পঞ্চম উইকেটে আসাদ শফিকের সঙ্গে ইউনিসের ১১৩ রানের জুটি। ১৭ রানের ব্যবধানে আউট হয়েছেন দুজনই। আসাদ শফিক আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেছেন মিসবাহ। ইংল্যান্ডকে দাঁড় করিয়ে দিয়েছেন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। টেন ক্রিকেট।