টেস্ট ভুলতে বসেছে ব্যাটসম্যানরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিংটা ঠিকমতো করতে পারছেন না ব্যাটসম্যানরা
এএফপি

‘আমার মনে হয় না আমি খারাপ ব্যাটিং করছি। খারাপ ব্যাটিং করতে হলেও আপনাকে আরও বেশি সময় ব্যাট করতে হয়’—নিজের ব্যাটিং নিয়ে গ্রেগ চ্যাপেল একবার এই উক্তিটিই করেছিলেন। টেস্টে সাম্প্রতিক সময়ের ব্যাটিং দেখে গ্রেগের সেই উক্তিটিই সকলের মনে ঘুরে-ফিরে বেড়ায়। বিশেষ করে হাল আমলের টেস্ট ক্রিকেট দেখে। ২০১৫ সালে টেস্ট ক্রিকেটের হাল দেখে লজ্জাতেই মুখ লুকাবেন ইতিহাসের গ্রেট ক্রিকেটাররা। এই বছর টেস্টের ব্যাটিং মানেই যেন বিপর্যয়। স্বল্প দৈর্ঘের ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া ব্যাটসম্যানরা ক্রিকেটের আসল ‘পরীক্ষা’তেই যারপরনাই ব্যর্থ।
ক্রিকেটে ইদানীং ‘আক্রমণাত্মক’ ও ‘ভয়ডরহীন’ কেতার জয়জয়কার। আক্রমণাত্মক ঢংয়ে ক্রিকেটের ফল অবশ্য হাতেহাতেই পাওয়া যাচ্ছে। এ বছর অনুষ্ঠিত ২৩টি টেস্টের (চলমান কলম্বো পি সারা ও ওভাল টেস্ট বাদ দিয়ে) ১৭টিই ফল দেখেছে। এর মধ্যে অবশ্য বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত ৩টি টেস্ট বৃষ্টিতে ভেসে গেছে। এই তিনটিকে এক পাশে সরিয়ে রাখলে ২০ টির ১৭ টিতেই ফল! দারুণ ব্যাপার, অনেকের কাছেই। অনেকেই বলবেন, এটা তো টেস্ট ক্রিকেটের দারুণ বিজ্ঞাপন। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে ‘দারুণ বিজ্ঞাপনে’র আড়ালে টেস্টের মূল সুরটাই যেন কেটে যেতে বসেছে হাল আমলে। টেস্টে জয়-পরাজয়ের চেয়েও ব্যাটে-বলে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে মানসিক ক্ষমতার প্রকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু হালে এসব হচ্ছে কই? ফলের আড়ালে বর্তমান সময়ে ব্যাটসম্যানদের করুণ দশা যেভাবে প্রকাশিত হয়ে পড়ছে, তাতে টেস্টের মূল সুরটাই হারিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একটি ছোট্ট পরিসংখ্যানে এই ব্যাপারটি তুলে ধরা যায় চোখে আঙুল দিয়েই। এ বছর অনুষ্ঠিত ২৩টি টেস্টের ৮৫টি ইনিংসে ১৪ বারই কোনো না কোনো দল ৬০ ওভারের আগেই গুটিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা বাদে (জিম্বাবুয়ে এ বছর কোনো টেস্ট খেলেনি।) অন্য সব টেস্ট খেলুড়ে দেশই ৬০ ওভারের আগে অলআউট হয়ে ক্রিকেটের বৃহৎ পরিসরকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে।
এবার রান সংখ্যার দিকে নজর দেওয়া যাক। ওয়ানডে ক্রিকেট এ বছর রেকর্ড ৮৬টি শতরান দেখেছে। আর উল্টোদিকে টেস্টে শতরান মাত্র ৪৮ টি! ব্যক্তিগত হিসেব বাদ দিয়ে জুটির কথা চিন্তা করলে পুরো বিষয়টি আরও কদর্য রূপ পাচ্ছে। এ বছর ২৩টি টেস্টের ৮৫টি ইনিংসে শতরানের জুটি হয়েছে মাত্র ১৯ টি। ২০০ রান ছাড়াতে পেরেছে মাত্র ১০টি জুটি। দলগত সংগ্রহের দিক দিয়েই এর দৈন্যদশা ফুটে উঠছে। এ বছর ৩৩টি টেস্ট ইনিংসে দলগুলো দলীয় সংগ্রহ তিনশ পার করাতে পারেনি। ১১ বার দলগুলো গুটিয়ে গেছে দলীয় রান দুইশ পার করার আগেই। অস্ট্রেলিয়ার মতো দলের ৬০ রানে গুটিয়ে যাওয়াটা টেস্টের বর্তমান অবস্থাকে তুলে ধরছে বড় করুণভাবেই।
কিন্তু হঠাৎ করে টেস্ট-ব্যাটিংয়ের এমন করুন দশা কেন? এমন প্রশ্নে অধিকাংশ ক্রিকেট বোদ্ধাই দায় চাপিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটকে। ধুম-ধাড়াক্কা, হই-হুল্লোড় ক্রিকেট খেলতে গিয়ে অধিকাংশ ব্যাটসম্যান তাঁদের মূলই দুর্বল করে ফেলছেন। অধিকাংশ ব্যাটসম্যান টেস্টে বোলিং, উইকেট বা কন্ডিশনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে বলকে তাড়া করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসছেন। ‘ইম্প্রোভাইজ’ ক্রিকেট খেলতে গিয়ে আসল ক্রিকেটের জন্য কেউ জায়গা রাখছেন না। টেস্ট ক্রিকেট ও স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটের মাঝে সমন্বয় আনতে পারছেন না অধিকাংশ ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকান এবি ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসি বা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের ব্যাটেই কেবল দেখা গেছে সত্যিকারের ব্যাটিংয়ের ছাপ।
ট্রেন্ট ব্রিজ টেস্টে অস্ট্রেলিয়া মাত্র ৬০ রানে অলআউট হওয়ার পর ইয়ান বোথাম চমৎকার একটি কথা বলেছিলেন, ‘এ ধরনের স্কোর সাধারণত ভিলেজ ক্রিকেটে দেখা যায়। তাও আবার অনূর্ধ্ব-৯ দলের খেলায়।’ বোথাম অবশ্যই ভেবে-চিন্তেই উক্তিটি করেছেন। ক্রিকেটের সর্বোচ্চ পরীক্ষার মঞ্চে ব্যাটসম্যানদের প্রয়োগের দৈন্যতা দেখে এমন মন্তব্য তিনি করতেই পারেন।’ কিন্তু বোথামদের মতো ক্রিকেটারদের এমন মন্তব্য কি কানে যাচ্ছে হালের ‘মার-কাট’ ক্রিকেটারদের। এরা ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে পারেন। কিন্তু সেই খেলায় টেস্ট ক্রিকেট তাঁর সৌন্দর্য হারানোর ‘ভয়’টা ​কাটাতে পারছে না।