টেস্ট মর্যাদাও অস্থায়ী!
আইসিসির পূর্ণ সদস্য হয়ে তৃপ্তির ঢেকুর তোলার দিন শেষ। কাল ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সদস্যদেশগুলোর ক্রিকেট বোর্ডের কাছে আইসিসির পাঠানো এক ই-মেইল তারা পেয়েছে। সেই ই-মেইলে প্রস্তাব করা হয়েছে, এখন থেকে প্রতি পাঁচ বছর পরপর স্থায়ী সদস্যপদ মূল্যায়ন করা হবে। সহযোগী দেশের ক্ষেত্রে যেটা হবে দুই বছর পরপর। ফলে পারফরম্যান্সের ভিত্তিতে সহযোগী দেশ যেমন পূর্ণ সদস্যে পরিণত হতে পারে, তেমনি পূর্ণ সদস্যদেশের অবনমন ঘটতে পারে সহযোগী সদস্যে!
একটি স্বতন্ত্র মেম্বারশিপ কমিটি গঠন করার প্রস্তাবও করা হয়েছে। সেটির কাজ হবে আইসিসির বেঁধে দেওয়া বিভিন্ন মানদণ্ড ক্রিকেট বোর্ডগুলো মানছে কি না, তা পরখ করে দেখা এবং সে অনুযায়ী সদস্যদের মর্যাদা পরিবর্তনে প্রস্তাব রাখা। মানদণ্ডগুলো কী সেটা ই-মেইলে বলা হয়নি, তবে আর্থিক দিকগুলোই গুরুত্ব পাচ্ছে। আইসিসি থেকে বরাদ্দ করা অর্থের পূর্ণাঙ্গ তথ্য দেওয়া না হলে কিংবা অপব্যবহার করা হলে বোর্ডগুলোর আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। সম্প্রতি দুবাইয়ে হওয়া আইসিসির নির্বাহী কমিটির সভাতেই নাকি এ প্রস্তাবগুলো রাখা হয়েছে। ক্রিকইনফো।