টেস্ট ম্যাচই হচ্ছে খুলনাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে চার ঘণ্টা উইকেটে থেকে ১৬২ বল খেলে ৮০ রান। ৮টি বাউন্ডারি থাকলেও স্ট্রোক ঝলমলে ইনিংস বলতে যা বোঝায়, একদমই তা নয়। এই উইকেটে বোধ হয় তা সম্ভবও নয়। তবে চমকে যাওয়ার মতো ‘শট’ মুমিনুল হক ঠিকই খেললেন। সেটি আউট হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে!
উইকেট যেমন, তাতে প্রথম ইনিংসে তিন শ রানই নাকি যথেষ্ট! কথাটা এমনই বিস্ময় ছড়াল যে, এ নিয়ে পরপর দুটি প্রশ্ন হলো। বিস্ময়টা আরও বাড়িয়ে দিয়ে মুমিনুল তাঁর বক্তব্যে অনড়। তাতেও অবশ্য পরিষ্কার হলো না যে, প্রথম ইনিংসে তিন শ কিসের জন্য যথেষ্ট? জয়ের জন্য? ড্রয়ের জন্য?
তাতে কি-ই বা আসে যায়! উইকেট ব্যাটসম্যানদের জন্য একেবারে বধ্যভূমি হলে ভিন্ন কথা। নইলে কে না জানে, প্রথম ইনিংসে তিন শ টেস্টে জয় বা ড্র কোনোটিরই নিশ্চয়তা দিতে পারে না। তা এই টেস্টের উইকেটটা কেমন? মুমিনুল বলছেন, ঠিক গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের উইকেটের মতো।
মিল অবশ্য স্কোরেও থাকল। ওই টেস্টে প্রথম দিন লাঞ্চের সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৬২। কাল ১ উইকেটে ৬০। শেষটায় মিল থাকবে কি না, এটাই হলো প্রশ্ন। সেবার বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪৩৩ রানে। এবারও এমন কিছু আশা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। কারণ, জিম্বাবুয়ে আর পাকিস্তান এক নয়। তাই বলে হাতে ৬ উইকেট রেখে মুমিনুল কেন আর মাত্র ৬৪ রানকেই যথেষ্ট বলে ভাবলেন, এটি তাঁর ব্যাটিংয়ের মতোই এক রহস্য।
কেন, মুমিনুলের ব্যাটিং রহস্য কেন? প্রথম কারণ তো অবশ্যই তাঁর শারীরিক গড়ন। তাঁকে চেনেন না, এমন কেউ মুমিনুলকে দেখে আর যা-ই অনুমান করুন, ক্রিকেটার বলে ‘ভুল’ করবেন না। অতটুকুন শরীর নিয়ে কীভাবে বিশ্বের সেরা বোলারদের অনায়াসে খেলেন, এই বিস্ময় এখন পুরোনো। কাল নতুন কিছু যদি জানিয়ে থাকেন, তা হলো ছোট্ট মানুষটির মধ্যে লুকিয়ে থাকা ইস্পাতদৃঢ় মানসিক শক্তি। সর্বশেষ টেস্টেও সেঞ্চুরি ছিল। কিন্তু মাঝখানে বিশ্বকাপ ও বাংলাওয়াশময় সময়টায় তাঁর সম্পর্কে ‘এটা পারেন না’ ‘ওটা পারেন না’ বলে এমন একটা রব তোলা হয়েছে যে, সেটি তাঁর আত্মবিশ্বাসে চিড় ধরাতেই পারত।
তা যে পারেনি, এটির প্রমাণ হয়ে আসাতে কালকের ৮০ রানের ইনিংসটির মাহাত্ম্য বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেঞ্চুরি মিস করার দুঃখ তো অবশ্যই থাকবে। আউটটাও হলেন কেমন সময়ে!
টেস্ট ক্রিকেটে দিনের শেষ ওভার, শেষ বল সব সময়ই আলাদা একটা রোমাঞ্চ ছড়ায়। তাতে যে নাটকীয় কিছুর প্রতিশ্রুতি থাকে। সেই ‘নাটকীয় কিছু’ই প্রথম দিনটিকে শুধুই বাংলাদেশের হতে না দিয়ে তাতে সমতা এনে দিল। আর মাত্র দুটি বল হওয়ার পরই স্টাম্প ফেলে দেবেন আম্পায়াররা। মুমিনুল পরদিনের ছবিটা কি তখনই মনে আঁকতে শুরু করেছিলেন? জুলফিকার বাবরের বাঁহাতি স্পিনে এলবিডব্লু হয়ে যাওয়ার কারণ হিসেবে এটিকেও উড়িয়ে দেওয়া যায় না। কোথায় অপরাজিত থেকে ফিরবেন, উল্টো ফিরলেন একরাশ আক্ষেপ নিয়ে।
তবে আক্ষেপ ভুলে একটু গর্বও কিন্তু করতে পারেন। টানা ১০ টেস্টে মুমিনুলের পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। জন এডরিচ ও শচীন টেন্ডুলকার এই কীর্তিতে পাশে আছেন। টানা ১১ টেস্টে ফিফটি নিয়ে সামনে ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ। ফিফটির ধারাস্রোতকে আরও এক টেস্ট বেশি টেনে নিয়ে সবার ওপরে এবি ডি ভিলিয়ার্স।
টেস্টে কমপক্ষে ২০ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ের দিক থেকে ডন ব্র্যাডম্যানের অত্যাশ্চর্য ৯৯.৯৪-এর পরই তিনি। এর একটা বিপদও আছে। ওখান থেকে যে শুধু পতনই সম্ভব! কালই যেমন শূন্য রানে আউট হলে ৬০-এর নিচে নেমে যেত মুমিনুলের ব্যাটিং গড়। গা লাগালাগি করে থাকা গ্রায়েম পোলক (৬০.৯৭), জর্জ হেডলি (৬০.৮৩) ও হার্বার্ট সাটক্লিফের (৬০.৭৩) নিচে চলে যেতেন। উল্টো আরেকটু বেড়ে টেস্টে মুমিনুলের ব্যাটিং গড় এখন ৬৪ ছুঁই ছুঁই (৬৩.৯০)!
বিস্ময়ে স্তব্ধ করে দেওয়ার মতো এক পরিসংখ্যান। কাল দিনের প্রথম ঘণ্টায় ১.৫৩ রানরেট অবশ্যই এটির সঙ্গে তুলনীয় নয়। উইকেট অবশ্যই একটা কারণ। মুমিনুলের আগে পাকিস্তান দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা আজহার আলীও যেটির ধীরগতি নিয়ে অনুযোগ করে গেছেন। তিনি বলেছেন বোলারদের দৃষ্টিকোণ থেকে। তবে সেটি তো ব্যাটসম্যানদেরও সমস্যা।
স্পোর্টিং উইকেটের সংজ্ঞা হলো, যে উইকেট ব্যাটসম্যান-বোলারকে সমান সুযোগ দেয়। এই টেস্টের উইকেটেরও ব্যাটসম্যান বা বোলার কারও প্রতি আলাদা বৈরিতার প্রকাশ নেই। তবে ঘটনা হলো এটি ব্যাটিংয়েরও শত্রু, বোলিংয়েরও। এখানে উইকেট নেওয়া কঠিন, রান করাও। এই উইকেট তাই দুই পক্ষকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে টেস্ট ক্রিকেটের একেবারে মৌলিক দাবি জানিয়ে-ধৈর্য।
দিন শেষে ম্যাচের অবস্থার মতো এখানেও সমতা। নিয়ন্ত্রিত বোলিং করে পাকিস্তানি বোলাররা যেমন সেই দাবি পূরণ করে গেলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরাও তা-ই। উইকেট ছুড়ে দিয়ে আসার অপরাধে অপরাধী বলা যাবে না কাউকেই। বরং সবার ব্যাটেই ফুটে বেরোল সত্যিকার টেস্ট মেজাজ। কখনো কখনো তা একটু বেশিই রক্ষণাত্মক রূপ নিয়ে ফেলেছে কি না, এই প্রশ্ন অবশ্য হতেই পারে। যে প্রশ্ন আছে বাংলাদেশের একাদশ নিয়েও। টেস্টের আগের দিন কোচ-অধিনায়ক দুজনই বড় গলায় বলে গেছেন, লক্ষ্য তাঁদের জয়। অথচ একাদশে কি না আট ব্যাটসম্যান! হাথুরুসিংহে অবশ্য সংখ্যাটা ‘সাত’ বলে দাবি করতে পারেন। কারণ, শুভাগত হোমকে তিনি নাকি স্পেশালিস্ট অফ স্পিনার হিসেবেই বিবেচনা করেন। সেটি যথার্থ হলেই বা কি, আগের টেস্টেই ইনিংসে ৫ উইকেট নেওয়া তরুণ লেগ স্পিনারকে বসিয়ে রাখাটা আর যা-ই হোক আক্রমণাত্মক মানসিকতার পরিচয় দেয় না। জুবায়ের হোসেন নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন!
প্রথম দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৬/৪