টেস্ট র্যাঙ্কিংয়ের তিনে উইলিয়ামসন
আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াই এখন চতুর্মুখী। ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে এ লড়াইয়ে যোগ দিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। গতকাল প্রকাশিত সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জো রুটের পরের তিনটি স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এর আগে গত দুই সপ্তাহ ধরে যৌথভাবে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ছিলেন রুট ও স্মিথ।
মাত্রই শেষ হওয়া ডানেডিন টেস্টের দুই ইনিংসেই ফিফটি করে তিনে উঠে এসেছেন উইলিয়ামসন। এটাই কিউই ব্যাটসম্যানের ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিং। জো রুটের চেয়ে মাত্র ৮ পয়েন্ট পিছিয়ে উইলিয়ামসন।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস, শন মার্শ ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে ১৯ ধাপ উত্তরণে ক্যারিয়ারসেরা ১৫তম অবস্থানে উঠে এসেছেন ভোজেস। ১৭ ধাপ এগিয়ে মার্শ ৩৯ নম্বরে। অনেক দিন পর টেস্ট সেঞ্চুরি পাওয়া গাপটিলের অবস্থান ৫৩ নম্বরে, উত্তরণ ১৮ ধাপ।
বোলিং র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ডেল স্টেইন। শীর্ষ ছয়েও কোনো পরিবর্তন নেই। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে বাংলাদেশের সাকিব আল হাসান। আইসিসি বিজ্ঞপ্তি।