টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জিতে এক নম্বরে উঠল অস্ট্রেলিয়া। এএফপি।
সিরিজ জিতে এক নম্বরে উঠল অস্ট্রেলিয়া। এএফপি।

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ফিরে পেল অস্ট্রেলিয়া। সমীকরণটা সহজই ছিল, টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটা ফিরে পেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হতো অস্ট্রেলিয়াকে। ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ী সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে সমীকরণটা মিলিয়ে ফেলল অস্ট্রেলিয়া। এর আগে ২০১৪ সালে জুলাই মাসে তারা সর্বশেষ এক নম্বর র‍্যাঙ্কিংয়ে ছিল। ভারতকে সরিয়ে প্রায় ১৯ মাস পর উঠে এল শীর্ষে। টেস্ট শ্রেষ্ঠত্বের প্রতীক গদাটাও আবার হাতে তুলতে যাচ্ছে অস্ট্রেলীয়রা।

গদাটা আবারও হাতে তুলতে শীর্ষে থাকতে হতো ১ এপ্রিল পর্যন্ত। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের পর টি-টোয়েন্টির ব্যস্ততায় আর কোনো টেস্ট ম্যাচ নেই এই সময়ে। আর এটাই নিশ্চিত করেছে ১ এপ্রিলে অস্ট্রেলিয়াই থাকছে শীর্ষে। শুধু গদাই নয়, অস্ট্রেলিয়া পকেটে পুরবে ১০ লাখ মার্কিন ডলারও। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া ভারত পাবে ৫ লাখ ডলার। এ বছরের শুরুতেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা তৃতীয় সেরা দল হিসেবে পাবে ২ লাখ ডলার।
একটা লম্বা সময় টেস্ট র‍্যাঙ্কিংয়ে রাজত্ব ছিল অস্ট্রেলিয়ারই। রেকর্ড টানা ১৬ টেস্ট জয়ী স্টিভ ওয়াহর অজেয় দলটি ২০০০ সালের এপ্রিলে শীর্ষে ওঠার পর ২০০৯ সালের আগস্ট পর্যন্ত টানা ৯ বছর ধরে রেখেছিল টেস্টের এক নম্বর জায়গাটা। দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষস্থান হারানো অস্ট্রেলিয়া আবারও শীর্ষে ফেরে প্রায় পাঁচ বছর পর। ২০১৪ সালের মে মাসে এক নম্বর স্থানটা পুনরুদ্ধারের পর মাত্র মাস তিনেকই শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।
এরপর পারফরম্যান্সের ক্রমাবনতিতে অস্ট্রেলিয়া ক্রমশ পিছিয়ে পড়ে শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার চেয়ে। কিন্তু গত এক বছরে দক্ষিণ আফ্রিকার বাজে পারফরম্যান্স ও অ্যাশেজের শেষ টেস্ট থেকে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোয় ব্যবধানটা কমে আসে। অ্যাশেজের শেষ টেস্ট থেকে সর্বশেষ নয় ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া। এই সময়ে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি সিরিজ জেতা অস্ট্রেলিয়া জিতেছে সাত ম্যাচেই।
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অনেক দিন ধরেই এক নম্বর অস্ট্রেলিয়া। এবার টেস্ট র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ফেরার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ পাখির চোখ করেছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও, ‘বিশ্বের এক নম্বর হওয়াটা অবশ্য বিশেষ কিছু। খেলাটার প্রতিটি সংস্করণেই শীর্ষে থাকাই আমাদের লক্ষ্য।’
টেস্ট ও ওয়ানডের এক নম্বর দলটি টি-টোয়েন্টিতে আছে আট নম্বরে। টি টোয়েন্টিতে সবার ওপরে ভারত। তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো।

টেস্ট র‍্যাঙ্কিং
                         রেটিং
১. অস্ট্রেলিয়া          ১১২
২. ভারত              ১১০
৩. দক্ষিণ আফ্রিকা   ১০৯
৪. পাকিস্তান          ১০৬
৫. ইংল্যান্ড           ১০২
৬. নিউজিল্যান্ড       ৯৬
৭. শ্রীলঙ্কা             ৮৯
৮. ওয়েস্ট ইন্ডিজ     ৭৬
৯. বাংলাদেশ        ৪৭
১০. জিম্বাবুয়ে         ৫