টেস্ট লড়াইটাও বৃষ্টিমাথায়

কাল সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই গেল বৃষ্টিমাথায়। মাঠে অনুশীলন করার সুযোগ থাকল না। নেট হলো ইনডোরেই।
কী আশ্চর্য! মুশফিকুর রহিমদের দেয়ালবন্দী অনুশীলন শেষ হতে দক্ষিণ আফ্রিকা স্টেডিয়ামে পা ফেলতেই আকাশে সূর্যের হাসি। সজল মেঘগুলো উড়ে উড়ে পাশের সাগরমুখী। প্রোটিয়ারা করল ব্যাটিং-বোলিং। একপাশে ফিল্ডিংয়ে বিশেষভাবে দৃশ্যমান স্লিপ এবং উইকেটকিপিংয়ের ক্যাচিং অনুশীলন।
দুটি ঘটনা বা দৃশ্যের যে নির্যাস, তাতে প্রকৃতির একটু পক্ষপাতই ধরা পড়ে। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে যেখানে শুরু হবে টেস্টের লড়াই, সেখানে প্রকৃতির আনুকূল্য পেয়ে দাপিয়ে অনুশীলন করল শক্তিমত্ত সফরকারীরা! হীনবল স্বাগতিক দল একটু আক্ষেপ নিয়ে ফিরে গেল হোটেলে।
প্রকৃতির ওপর মানুষের হাত নেই। প্রকৃতির কাছে মানুষই বরং হাতের খেলনা। ক্রিকেট তো আরও বেশি। পাঁচ দিনের খেলায় অবশ্য দুই দলেরই আবার খেলনা হয়ে থাকার সম্ভাবনা আছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতকরা ৬০ ভাগ, দ্বিতীয় ও তৃতীয় দিনে ৮০, ১০০ এবং চতুর্থ ও পঞ্চম দিনে ১০০ ও ৯০ ভাগ। টেস্টের প্রিভিউতে আবহাওয়ার বুলেটিন জেনে হয়তো বিরক্ত হচ্ছেন। কিন্তু ভরা বর্ষায় ক্রিকেট হলে এটি মানতেই হবে। তবে এটাও ঠিক, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সিরিজটাই শুরু হয়েছিল বৃষ্টিমাথায়। বিস্ময়কর যে, প্রতিদিনই ছিল বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার আশঙ্কা। কিন্তু তারপরও ফাঁকফোকর দিয়ে এর আগে পাঁচটি ম্যাচই হয়ে গেছে। তাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচে হারের পাশে বাংলাদেশ উড়িয়েছে এক গৌরবনিশান। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। ক্রিকেট পৃথিবীর কাছেই যা একটি মাইলফলক। প্রকৃতি বাংলাদেশের দিকেও আসলে হাত বাড়ায়!
তবে ওয়ানডে আর টেস্ট তো এক নয়। ওয়ানডে যদি হয় ক্ষুধা বৃদ্ধিকারক খাদ্য, টেস্ট ক্রিকেট পূর্ণ ভোজ। সেখানে র্যা ঙ্কিং যেমন দেখায়, এক নম্বর দক্ষিণ আফ্রিকার সঙ্গে নয় নম্বর বাংলাদেশের তেমনটাই প্রকৃত পার্থক্য। আগের আটটি টেস্টই প্রোটিয়াদের জয়ের ইতিহাস, একটিই মাত্র টেস্টে তারা ‘ব্যর্থ’ বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারাতে!
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটটা খেলতে শিখে গেছে। টি-টোয়েন্টির গলিঘুঁজি এখনো খুঁজছে, টেস্টটা আসলে অতল সমুদ্র। এটি ভালো করে জানেন বলেই দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হাশিম আমলা সংবাদ সম্মেলনে বলে গেলেন (আসলে শাসিয়ে গেলেন), টেস্ট ক্রিকেটটা অন্য রকম খেলা। সেখানে তাঁরা পরিকল্পনামতো খেলতে পারলেই বাংলাদেশকে চাপে ফেলতে পারবেন! ‘চাপে ফেলা’ কূটনীতিসুলভ কথা। সেখানে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কথাটি অনূক্ত। তবে এক সাংবাদিক সরল বাক্যে যখন জানতে চাইলেন, টেস্ট সিরিজে লক্ষ্য কী, সেখানে গুজরাটি বংশোদ্ভূত ক্রিকেটার অকপট, ‘সিরিজ জয়!’
তা টেস্ট যদি হয় অভিজ্ঞতার আলেখ্য, দক্ষিণ আফ্রিকা সেখানে কয়েক মাইল এগিয়ে। বাংলাদেশ খেলতে নামছে তার ৯২তম টেস্ট। আর এক আমলাই আগে খেলে ফেলেছেন ৮২টি টেস্ট। প্রতিপক্ষ দলের মোট টেস্টের চেয়ে তাঁর ব্যক্তিগত টেস্টসংখ্যা মাত্র ৯টি কম। দক্ষিণ আফ্রিকা দলের প্রধানতম ফাস্ট বোলার ডেল স্টেইন টেস্ট খেলেছেন ৭৮টি, আরেক ফাস্ট বোলার মরনে মরকেল ৬২টি।
দক্ষিণ আফ্রিকানদের টেস্টসংখ্যার চেয়ে বাংলাদেশের চিন্তায় বেশি থাকছে ওদের তিন ফাস্ট বোলার—স্টেইন, মরকেল ও ফিল্যান্ডার। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, ওদের ফাস্ট বোলিং সামলানোই হতে যাচ্ছে তাঁর দলের আসল চ্যালেঞ্জ।
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের কষ্টটা বুকে চেপে দেশ থেকে উড়ে এসেছেন স্টেইন। সমুদ্রে সার্ফিং-টার্ফিং করে শক্তি বাড়িয়ে এনেছেন, কুমিরের সঙ্গে লড়াই করে এসেছেন কি না কে জানে! তবে নিশ্চিত করেই ‘জীবনের শেষ কিছু বল করার সামর্থ্য জমিয়ে’ রেখেই তিনি এসেছেন। ওয়ানডে সিরিজে এলেন না তো বিপুল বিক্রমে টেস্টে ঝাঁপিয়ে পড়বেন বলেই। দুদলের আবাসিক হোটেলের একটি সূত্রে যা জানা যাচ্ছে, তাতে স্টেইন প্রতিটি পদক্ষেপেই নাকি যুদ্ধংদেহী মনোভাব ছড়িয়ে চলেছেন। ঝাঁপিতে আছে ৩৯৬ উইকেট। ৪০০ উইকেট শিকারের লক্ষ্য তাঁর কাছে একটি বাড়তি প্রণোদনা। তবে মরকেল-ফিল্যান্ডাররাও কিন্তু বাংলাদেশের কাছে কম ভয়ংকর নন।
তবে বাংলাদেশ দলকে দেখে মোটেই মনে হচ্ছে না, তারা ভয়ে একেবারে কুঁকড়ে আছে। অধিনায়ক মুশফিকুর রহিম শুধু ওয়ানডের সাফল্য থেকেই নয়, প্রেরণা খুঁজে পাচ্ছেন সর্বশেষ ৬টি টেস্টের তিনটিতে জয় আর একটিতে গৌরবদীপ্ত ড্র থেকেও। তিনি বরং সাহস করেই বলছেন, লড়াই হবে। দুই ওপেনার তামিম-ইমরুল যদি পাকিস্তানের সঙ্গে খুলনা টেস্টের গৌরবময় ব্যাটিংয়ের ছটা চট্টগ্রাম দেখতে পারে, সেই সঙ্গে তাঁর এবং মুমিনুল-সাকিব-মাহমুদউল্লাহর দায়িত্বপূর্ণ ব্যাটিং যোগ হয় তাহলে ‘ভালো কিছু’ হতেই পারে। বোলিংও কোচ-অধিনায়কের ভাষায় ‘বৈচিত্র্যময় ও ভারসাম্যপূর্ণ’।
এটা নিশ্চিত, সর্বশেষ ফতুল্লা টেস্টে যেমন এক পেসারের দল ছিল বাংলাদেশ, সেটি আর হচ্ছে না। তিন পেসারের পক্ষেও মত আছে। দুই পেসার খেললেও মুস্তাফিজুরের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে। কে জানে, সাতক্ষীরার এই বিস্ময়বালকের অভিষেক হলে টেস্টের ভুবনকেও চমকে দেন কি না!
চট্টগ্রাম অবশ্য বাংলাদেশের জন্য ‘পয়া ভেন্যু’ ‘পয়া ভেন্যু’ বলে একটি কোরাস তুলছে। আর একটি অপেক্ষাও আছে বন্দরনগরের, সূর্য সেন আর প্রীতিলতার কীর্তিধন্য চট্টগ্রাম এবার সত্যিই টেস্টের বীররসে রঞ্জিত করবে বাংলাদেশ দলকে।