টেস্ট-শ্রেষ্ঠত্ব হারালেন সাকিব
বাংলাদেশের খেলা ছিল না, তবু গত সপ্তাহে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে রবিচন্দ্রন অশ্বিনের ব্যর্থতা এক নম্বরে তুলে দিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ককে। অনেক দিন পর তিন সংস্করণের ক্রিকেটেই সেরা অলরাউন্ডার হয়েছিলেন সাকিব। কিন্তু তাঁর ত্রিভুবনের রাজত্ব টিকল মাত্র পাঁচ দিন। গল টেস্টের ব্যর্থতায় আবার সেই অশ্বিনের হাতেই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান তুলে দিতে হলো সাকিবকে।
গলে দুই ইনিংসে সাকিব করেছেন ২৩ ও ৮ রান। বল হাতে ৩ উইকেট পেলেও ক্যারিয়ারে প্রথমবারের মতো দুই ইনিংসেই দিয়েছেন এক শর বেশি রান। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট ৪০৩। এক নম্বর অশ্বিনের পয়েন্ট ৪৩৪। সাকিব পয়েন্ট হারিয়েছেন ৩৮। ৩৬০ পয়েন্ট নিয়ে তিনে অশ্বিনের সতীর্থ রবীন্দ্র জাদেজা।
সাকিব পেছালেও ব্যাটিংয়ে ক্যারিয়ার-সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। গলে দুই ইনিংসে ৮৫ ও ৩৪ রান করে ছয় ধাপ এগিয়ে ২৯ নম্বরে ওঠা মুশফিকের পয়েন্ট এখন ৬২৯। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু সাকিব আল হাসান। যদিও ছয় ধাপ পিছিয়ে ২৬-এ নেমে গেছেন সাকিব। তবে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন সৌম্য সরকার। গলের জোড়া ফিফটি ৮০ থেকে ২৫ ধাপ এগিয়ে সৌম্যকে বসিয়েছে ৫৫ নম্বরে।
বোলিংয়ে তিন ধাপ পেছালেও বাংলাদেশের সেরা বোলার সাকিবই (১৮তম)। এরপরই আছেন চার ধাপ এগিয়ে ৩৬-এ ওঠা অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
ব্যাটিং-বোলিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, বোলিংয়ে যৌথভাবে ভারতের অশ্বিন ও জাদেজা। তথ্যসূত্র: আইসিসি।