টেস্ট সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বল দিয়েই এলিস পেরি গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং । ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
এই বল দিয়েই এলিস পেরি গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং । ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

চমকে ওঠার মতো খবরই বটে। এক সপ্তাহ আগেই ট্রেন্ট ব্রিজ টেস্টে অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে ইংল্যান্ড। সিরিজে ৩-১ এগিয়ে অ্যাশেজ জয়ও নিশ্চিত করে ফেলেছে তারা। এখন যদি অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের খবর আসে, তাহলে বিভ্রান্ত হতেই পারেন সবাই। কিন্তু ঘটনা কিন্তু মিথ্যে নয়। ক্যান্টারবুরিতে ইংল্যান্ডকে ১৬১ রানের হারিয়ে মহিলা টেস্ট-সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
এই সিরিজে টেস্ট হয়েছে একটাই। গতকাল সেই টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২৬৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলীয় অলরাউন্ডার এলিস পেরির বোলিং তোপের মুখে পড়ে ইংলিশরা গুটিয়ে যায় ১০১ রানেই। পেরি ৩২ রানে ফিরিয়েছেন ৬ ইংলিশ-ব্যাটসম্যানকে। এই টেস্টে তাঁর উইকেট-সংখ্যা মোট নয়। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।
এমন পারফরম্যান্সের পরেও পেরি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি। দুই ইনিংসেই দলকে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে ম্যাচ-সেরার পুরস্কার জিতে নিয়েছেন অভিষিক্ত ব্যাটসম্যান জেস জোনাসেন। দুই ইনিংসেই অর্ধ শতক হাঁকিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৯৯ রানে আউট হয়ে অভিষেকেই শতক হাঁকানোর অনন্য রেকর্ড হাতছাড়া করেছেন তিনি।
টেস্ট সিরিজ জিতলেও ছেলেদের অ্যাশেজ হারের প্রতিশোধ এখনো নিতে পারেনি মেয়েরা। মেয়েদের অ্যাশেজের পদ্ধতি একটু ভিন্ন। এখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অর্জিত পয়েন্ট যোগ করে নির্ধারণ করা হয় অ্যাশেজ বিজয়ী। তাই অ্যাশেজ বিজয়ীর নাম জানার জন্য তাই টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড