টেস্ট সেঞ্চুরির সামনে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের জন্যই এটা একটা বিশেষ মুহূর্ত। জিম্বাবুয়ের জন্য হয়তো একটু বেশি। হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টটা যে জিম্বাবুয়ের শততম টেস্ট! এই টেস্টেই আবার শ্রীলঙ্কা খেলতে নামবে নতুন অধিনায়ক রঙ্গনা হেরাথের অধীনে। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের চোটের কারণে নেতৃত্ব দেওয়া হয়েছে ৩৮ বছর বয়সী এই স্পিনারকে। দুই টেস্ট সিরিজের পরের ম্যাচটি একই মাঠে, ৬ নভেম্বর থেকে।

১৯৯২ সালের জুলাইয়ে টেস্ট মর্যাদা পাওয়ার পর ওই বছরই হারারেতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে জিম্বাবুয়ে। তারপরও শততম টেস্ট খেলতে এত দিন লাগার কারণ মাঝে বছর ছয়েক টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছানির্বাসনে ছিল দেশটি। ২০০৫ সালের অক্টোবর থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোনো টেস্ট খেলেনি। জিম্বাবুয়ের অনেক পরে টেস্ট মর্যাদা পেয়েও বাংলাদেশ এখন খেলছে নিজেদের ৯৫তম টেস্ট। মাইলফলক ছোঁয়ার এই টেস্টটি নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন শন উইলিয়ামস-হ্যামিল্টন মাসাকাদজারা।

এই টেস্ট দিয়েই জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু হচ্ছে সাবেক পেসার হিথ স্ট্রিকের। একসময় দলের অধিনায়ক ছিলেন, তারপর সহকারী কোচ। এ মাসের শুরুতে ডেভ হোয়াটমোরের জায়গায় তাঁকে কোচ হিসেবে দায়িত্ব দেয় জিম্বাবুয়ে ক্রিকেট। নতুন ভূমিকায় অভিষেকটা স্মরণীয় করে রাখতে চান স্ট্রিকও, ‘শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, আমরা ওদের শ্রদ্ধা করি। তবে আমাদের লক্ষ্য থাকবে নিজেদের কন্ডিশনের সুবিধা নিতে। আর আমাদের প্রস্তুতিটাও ভালো হয়েছে।’

সর্বশেষ সিরিজে নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারানো শ্রীলঙ্কা অবশ্য দারুণ ফর্মে। সেই আত্মবিশ্বাস ধরে রেখে এই সিরিজেও দারুণ কিছু করার প্রত্যাশা অন্তর্বর্তীকালীন অধিনায়ক হেরাথের, ‘অস্ট্রেলিয়াকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস এই সিরিজেও খুব কাজে দেবে। আমি আশাবাদী, জিম্বাবুয়ের বিপক্ষেই আমরা দারুণ এই ফর্মটা ধরে রাখতে পারব।’ ক্রিকইনফো।