টেস্ট সেরা অ্যান্ডারসন
স্টুয়ার্ট ব্রড ভাবতেই পারেন ‘ঘরের শত্রু বিভীষণ’! জেমস অ্যান্ডারসনের সঙ্গে জুটি করে শ্রীলঙ্কাকে দুই টেস্টেই ধসিয়ে দিয়েছেন। সিরিজে এখন পর্যন্ত ১০টি উইকেট পেয়েছেন ব্রড। তবে ১৮ উইকেট পেয়ে সঙ্গীর চেয়ে এগিয়ে আছেন অ্যান্ডারসন। দুর্দান্ত এই পারফরম্যান্সই প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছে অ্যান্ডারসনকে। তাতে কপাল পুড়েছে ব্রডের।
কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা গেছে ডারহাম টেস্টে ৩০ রেটিং পয়েন্ট পেয়েছেন অ্যান্ডারসন। উল্টোদিকে ৫ উইকেট পেয়েও ৩ পয়েন্ট হারিয়েছেন ব্রড। দুজনের এমন দুমুখী যাত্রায় র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান থেকে শীর্ষে চলে এসেছেন অ্যান্ডারসন। আর ব্রড চলে গেছেন র্যাঙ্কিংয়ের তিনে। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় স্থানে।
বোলারদের শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। ব্যাটসম্যানদের শীর্ষ দশেও আসেনি কোনো পরিবর্তন। ব্যাটসম্যানদের শীর্ষ তিনে এখনো আছেন স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসন।
কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ব্যাটসম্যানদের মধ্যে ৬৪১ রেটিং পয়েন্ট নিয়ে ২৩তম স্থানে সবচেয়ে এগিয়ে মুমিনুল হক। বোলিংয়ে ৬১৪ রেটিংয়ে ১৬তম স্থানে আছেন সাকিব আল হাসান।