টেস্ট স্কোয়াডে ফিরলেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>* ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন আবদুর রাজ্জাক।
*প্রায় চার বছর পর টেস্ট স্কোয়াডে ফিরলেন এ স্পিনার।
চট্টগ্রাম টেস্টে স্কোয়াডে ফিরেছেন আবদুর রাজ্জাক। ফাইল ছবি
চট্টগ্রাম টেস্টে স্কোয়াডে ফিরেছেন আবদুর রাজ্জাক। ফাইল ছবি

২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন আবদুর রাজ্জাক। প্রায় চার বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফরমার। ধৈর্যের ফলটা তিনি পেলেন এত দিনে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে বাঁহাতি এ স্পিনারকে।

বিসিবি সূত্রে প্রথমে বলা হয়েছিল, রাজ্জাককে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে। ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এ স্পিনারকে অনুশীলনে পরখ করে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু পরে রাজ্জাককে চূড়ান্ত স্কোয়াডেই অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকেরা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছেন সাকিব আল হাসান। চট্টগ্রামে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। সাকিবের অভাব পূরণেই মূলত রাজ্জাককে ফেরানো হলো। সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। রাজ্জাক ছাড়াও স্কোয়াডে রয়েছেন আরও পাঁচ ‘বিশেষজ্ঞ’ স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানভীর হায়দার, সানজামুল ইসলাম ও নাঈম হাসান। এঁদের মধ্যে সানজামুল ও তানভীর টেস্ট অভিষেকের অপেক্ষায় আর নাঈম হাসানের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটেনি।
কিছুদিন আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রাজ্জাক। তবে টেস্টে তাঁর বোলিং অতটা ধারালো নয়। আট বছরের ক্যারিয়ারে ১২ টেস্টে মাত্র ২৩ উইকেট। চট্টগ্রাম টেস্ট মাঠে গড়াবে ৩১ জানুয়ারি। এরপর মিরপুরে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মেহেদী হাসান, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, তানভীর হায়দার ও আবদুর রাজ্জাক।