টেস্টকে বিদায় ব্রাভোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের রোষানলে পড়ে সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন জেসন হোল্ডারের কাছে। বাদ পড়েছেন বিশ্বকাপ দল থেকেও। সেই ক্ষোভেই কি না এবার টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডোয়াইন ব্রাভো। তবে সাদা পোশাকে আর না খেললেও, সীমিত ওভারের ক্রিকেটে খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন একই সঙ্গে। পরশু আনুষ্ঠানিক বিবৃতিতে ৩১ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার বলেছেন, ‘আমি টেস্ট থেকে আজই অবসর নিচ্ছি। সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছি। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সীমিত ওভারের ম্যাচগুলো খেলে যাব।’
গত বছর বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে ভারত সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ব্রাভোর নেতৃত্বাধীন ক্যারিবীয় দল। এই ঘটনার পরই বোর্ডের সঙ্গে সম্পর্ক অবনতি হয় ব্রাভোর। বিশ্বকাপ দল থেকে বাদ পড়াসহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। অবশ্য সাদা পোশাকে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ব্রাভো। দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১০ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে। এক অর্থে তাই, টেস্ট থেকে তাঁর এই বিদায় বড় কোনো চমক নয়। ক্রিকইনফো।