টেস্টকে বিদায় ওয়াটসনের

গত জুলাইয়ে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দল থেকে যখন বাদ পড়েছিলেন, স্টিভ ওয়াহ বলে দিয়েছিলেন, ‘ওর হয়তো ফেরার কোনো পথ রইল না।’
সত্যিই আর ফেরা হলো না শেন ওয়াটসনের। বিদায়ই বলে দিলেন টেস্ট ক্রিকেটকে। কার্ডিফে এবারের অ্যাশেজের প্রথম টেস্টটাই তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে রইল। ওই ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসে ৪৯ (৩০ ও ১৯) ও বল হাতে উইকেটশূন্য থাকার পরই দল থেকে বাদ পড়েছিলেন ওয়াটসন।
ক্যারিয়ারজুড়েই চোটের সঙ্গে লড়াই করা ওয়াটসন পরশু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার পায়ের পেছনের পেশির চোটে পড়েন। ম্যাচ শেষেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়, ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না ওয়াটসনের। এমন অবস্থায় কাল টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওয়াটসন বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য সহজ ছিল না, বিশেষ করে গত এক মাসে। তবে আমি জানি, সরে যাওয়ার এটাই সঠিক সময়। আশা করি সীমিত ওভারের ক্রিকেট—ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে পারব।’
টেস্ট দল থেকে বাদ পড়ার পেছনে বাজে ফর্ম তো অবশ্যই একটা কারণ ছিল। তবে শেষ দিকে প্রকট হয়ে উঠেছিল তাঁর ‘এলবিডব্লু রোগ’। কার্ডিফের দুই ইনিংসেই হয়েছিলেন এলবিডব্লু। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে যে ১০৬ বার আউট হয়েছেন, তার ২৯ বারই এলবিডব্লু। টেস্ট খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় যে নেই সেটা মেনে নিয়েছেন ওয়াটসনও, ‘টেস্ট ক্রিকেটে লড়াইয়ের সত্যিকারের মানসিকতাটা আর নেই। শারীরিক, মানসিক ও টেকনিক্যালি যা টেস্ট ক্রিকেটের চাহিদা, তা দেওয়ার মতো অবস্থা নেই। তাই মনে হয়েছে এটাই সঠিক সময়।’
চোটও ভুগিয়েছে অনেক। ২০০৫ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে তাঁর অভিষেকের সময় থেকে এ পর্যন্ত ১১৯টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, এর মাত্র ৫৯টিতে খেলেছেন ওয়াটসন। শুরুর দিকে দলে আসা-যাওয়ার মধ্যেই থাকতে হয়েছে, নিয়মিত হয়েছেন ২০০৯ সালের দিকে। ১ থেকে ৭—সব পজিশনে ব্যাট করলেও সবচেয়ে সফল হয়েছেন এক নম্বরেই—৫০ ইনিংসে ২০০৬ রান, গড় ৪১.৭৯। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন, ২০১০ ও ২০১১ সালে পর পর দুবার জিতেছেন অ্যালান বোর্ডার পদক। এরপরও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় ওয়াটসনের একটা আক্ষেপ থেকে যাচ্ছে, ‘যেসব অর্জনের স্বপ্ন দেখেছিলাম, তার সব সত্যি হয়নি। ব্যাট হাতে ৫০ গড় আর বল হাতে ২০-এর ঘরে গড় রাখা একজন টেস্ট অলরাউন্ডারের স্বপ্ন। আমি সেটির কাছাকাছিও যেতে পারিনি। কিন্তু আমি জানি, সব সময় সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। আর সেটা নিয়েই আমি সবচেয়ে গর্বিত।’ রয়টার্স।
ওয়াটসন টেস্ট ক্যারিয়ার
ম্যাচ রান সর্বোচ্চ ব্যাটিং গড় ১০০/৫০ উইকেট বোলিং গড়
৫৯ ৩৭৩১ ১৭৬ ৩৫.১৯ ৪/২৪ ৭৫ ৩৩.৬৮