টেস্টকে বিদায় জানালেন টেলর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে কিংস্টন টেস্টে কী ধাক্কাটাই না খেয়েছিল ইংল্যান্ড। ৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল সফরকারীরা। সে ম্যাচটিই তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ১ ইনিংস ও ২৩ রানে! হঠাৎই আগুনের গোলা বেরোতে লাগল জেরোম টেলরের হাত থেকে। ১১ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে অলআউট করে দিলেন মাত্র ৫১ রানে।
ওই স্পেল আর ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দশে নেমে সেঞ্চুরি এ দুটিই টেলরের ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের হাইলাইটস হয়ে থাকল। কারণ পরশু টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দিলেন এই ক্যারিবীয় পেসার। মাত্র ৩২ বছরেই বিদায় বলে দেওয়ায় ৪৬টি ম্যাচ ও ১৩০ উইকেটেই থামল তাঁর সাদা পোশাকের যাত্রা। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন তিনি। ক্রিকইনফো।