টেস্টে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া?
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম তিনটি ম্যাচ হেরে সিরিজ থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ তাই নিয়মরক্ষার। তবু ওই দুটি ম্যাচের গুরুত্ব কমছে না অস্ট্রেলিয়ার কাছে। দেশের মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে এ দুটি ম্যাচ জিতেই আত্মবিশ্বাসটা চাঙা করতে চায় অস্ট্রেলিয়া।
পোর্ট এলিজাবেথে আজ চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি দুই দল। শেষ ওয়ানডেটা আগামী বুধবার কেপটাউনে। বাকি দুটি ওয়ানডের জন্য খেলোয়াড়দের একটু সতর্ক করলেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, ‘এই মুহূর্তে আমরা ব্যর্থ। আমাদের আরও ভালো খেলতে হবে। বাকি দুটি ম্যাচে আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিতে হবে।’
ওয়ানডে সিরিজটা হাতছাড়া হওয়ায় লেম্যানের চোখ টেস্ট সিরিজে। টেস্ট দলে অভিজ্ঞ বেশ কয়েকজন যোগ দেবেন। তাই টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অস্ট্রেলিয়া কোচের কণ্ঠে, ‘ওদের বিপক্ষে কীভাবে খেলতে হয়, তা আমাদের ভালোই জানা আছে। আমরা সবাইকে পেয়ে গেলেই সেটা দেখাতে শুরু করব।’ সিডনি মর্নিং হেরাল্ড।