টেস্টে চান্ডিমাল, ওয়ানডেতে থারাঙ্গা

অ্যাঞ্জেলো ম্যাথুস নেতৃত্ব ছেড়েছেন পরশু। তাঁর উত্তরসূরি বেছে নিতেও দেরি করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। কালই ঘোষণা করা হয়েছে, শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উপুল থারাঙ্গা।
জিম্বাবুয়ের কাছে ঘরের মাটিতে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের দায় নিয়ে পরশু নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ম্যাথুস। যদি সিরিজ শেষের পর তাৎক্ষণিকভাবে বলেছিলেন, এখনই সরে দাঁড়ানোর চিন্তা করছেন না। এ নিয়ে ভাববেন, নির্বাচকদের সঙ্গে কথা বলবেন। তবে এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরেই খবর আসে, ম্যাথুস সরে দাঁড়িয়েছেন।
তবে নিজের মনের মধ্যেই দ্বিধা কাজ করছিল বলে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, ‘চোখে পড়ার মতো খারাপ খেলা আমরা খেলেছি। এটা আমাকে স্বীকার করতেই হবে। এর আগেও আমি সরে যেতে চেয়েছিলাম বেশ কয়েকবার। কিন্তু সে সময় চাইনি দলের ওপর এর প্রভাব পড়ুক। মূল কারণ ছিল, অধিনায়কের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। ব্যক্তিগত চাওয়ার চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখেছিলাম।’
ম্যাথুসের এখন মনে হচ্ছে, নেতা হিসেবে তাঁর বিকল্প আছে, ‘এখন দায়িত্ব নেওয়ার মতো ক্রিকেটার আছে। আমি নিশ্চিত, ওরা আমার চেয়ে বেশি সফল হবে। তা ছাড়া আমি নতুন অধিনায়ককে আগামী বিশ্বকাপের জন্য দল গড়ে তুলতে যথেষ্ট সময়ও দিতে চেয়েছি।’
নেতৃত্বের অভিজ্ঞতা অবশ্য একেবারে নতুন নয় চান্ডিমাল বা থারাঙ্গার জন্য। চান্ডিমাল তো এর আগে টি-টোয়েন্টি অধিনায়কই ছিলেন বেশ কিছুদিন। তিনটি ওয়ানডেতেও অধিনায়কত্ব করেছেন। তবে টেস্টে অধিনায়কত্ব করবেন এই প্রথম। ওদিকে থারাঙ্গাও ম্যাথুসের অনুপস্থিতিতে ১৪টি ওয়ানডে আর ৫টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। সীমিত ওভারের অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব পাওয়াটা অনুমিতই ছিল।
টেস্ট অধিনায়ক হিসেবে প্রস্তুতি নেওয়ার অবশ্য খুব একটা সময় পাচ্ছেন না চান্ডিমাল, কালই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস করতে নামবেন। এই টেস্টের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে ম্যাথুসও আছেন। এএফপি, রয়টার্স।