অ্যাশেজ সিরিজের সময় প্রস্তাবটা দিয়েছিলেন রিকি পন্টিং। রীতিমতো বৈপ্লবিক প্রস্তাব। টেস্ট ক্রিকেটে আর টস থাকবে না। সফরকারী দল ঠিক করবে প্রথমে ব্যাটিং না বোলিং।
সেই আদিকাল থেকে চলে আসা রীতির ব্যতিক্রম কেন হবে? স্বাগতিক দল যাতে নিজেদের পছন্দমতো বানানো উইকেটের সুবিধা না নিতে পারে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহও সমর্থন জানিয়েছেন তাঁর উত্তরসূরির ভাবনাকে, ‘আমার মনে হয় এটা খারাপ হবে না। টস এবং অন্য দেশের কন্ডিশন খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অন্য কোনো কিছু ভাবা হলে আমার তাতে আপত্তি নেই।’
পন্টিংয়ের প্রস্তাব সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংয়েরও সমর্থন পাচ্ছে। গত সপ্তাহে উইজডেন ইন্ডিয়া ওয়েবসাইটে লেখা কলামে হোল্ডিং লিখেছেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পন্টিংয়ের পরামর্শ নিয়ে ভাবা উচিত—আর কোনো টস নয়। ছোট্ট যে একটা সমস্যা আমি দেখছি, তা হলো টেলিভিশনের জন্য টসটা অনেক বড়। এটা একটা উত্তেজনা তৈরি করে, মুদ্রাটা বাতাসে ভাসার সময় সবার মনোযোগ থাকে ওই দিকে, জয়ী অধিনায়কের সিদ্ধান্তের দিকেও। তবে এখন আর এটি প্রাসঙ্গিক নয়। টেস্ট ম্যাচ নিয়ে আগ্রহ কমছে। ব্যাট ও বলের ভারসাম্যময় লড়াই নিশ্চিত করাটাই এখন জরুরি। তা করতে টসের দরকার নেই। উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা দেওয়া উচিত সফরকারী দলের অধিনায়ককে।’
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণকে ভোঁতা বানাতে ইংল্যান্ড একেবারে নিষ্প্রাণ উইকেট বানাচ্ছে দেখেই পন্টিং টসের বিলুপ্তি ঘটানোর প্রস্তাব করেছিলেন। পন্টিংয়ের প্রস্তাব সমর্থন করলেও স্টিভ ওয়াহ টস হারাটাকেই অস্ট্রে৶লিয়ার পরাজয়ের একমাত্র কারণ মনে করছেন না। বরং কারণ মনে হচ্ছে, ইংলিশ কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে না পারাটাকেই, ‘ওরা (অস্ট্রেলিয়া) খারাপ খেলেছে। ওদের ব্যাটিং টেকনিকে বড় সমস্যা ছিল।’ এএফপি।