টেস্টে দ্বিস্তরের পক্ষে নিউজিল্যান্ড
আলোচনাটা চলছে অনেক দিন ধরেই। সেই আলোচনায় দ্বিস্তরের টেস্ট ক্রিকেটের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই। গত মাসে এডিনবরায় আইসিসির সভায়ও এ নিয়ে কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তারপরও দ্বিস্তরবিশিষ্ট টেস্ট কাঠামোর পক্ষে কোন দেশ আর বিপক্ষে কারা, সেটি সম্পর্কে কিছুটা আঁচ পাওয়া গেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা যেমন স্পষ্টতই এ প্রস্তাবের বিরোধিতা করছে। কাল জানা গেছে, নিউজিল্যান্ড এ প্রস্তাব সমর্থন করছে খুব ভালোভাবেই।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট সরাসরিই বলে দিয়েছেন, ক্রিকেটে যদি দুই স্তর চালুর প্রস্তাব করা হয়, নিউজিল্যান্ড তাতে সানন্দে সায় দেবে। শুধু তা-ই নয়, টেস্ট ক্রিকেট আরও জমজমাট করতে বেশ কিছু দাওয়াই দিয়েছেন হোয়াইট। তাঁর মতে, গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ক্রিকেটকে আরও নিয়মিত করতে হবে। আর পাঁচ দিনের বদলে খেলা নিয়ে আসতে হবে চার দিনে!
দ্বিস্তরের টেস্ট ক্রিকেট বিষয়ে নিজেদের অবস্থান জানাতে গিয়ে কাল ইএসপিএন-ক্রিকইনফোকে ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমরা এর (দ্বিস্তরের টেস্ট ক্রিকেট) বড় সমর্থক। এমনিতেই নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ। তবে যদি উত্তরণ-অবনমনপদ্ধতি রাখা হয় এবং শেষ পর্যন্ত একটা জয়ী দল থাকে, তাহলে এটা আগ্রহ আরও বাড়াবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
তবে এতে যাতে দ্বিতীয় স্তরে থাকা দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার কথাও বলেছেন হোয়াইট। নতুন পদ্ধতি চালু হলে যদি নিউজিল্যান্ডকেও দ্বিতীয় স্তরে খেলতে হয়, তাতে আপত্তি নেই এনজেডসির। হোয়াইট জোর দিয়েই বলেছেন, ‘আমরা যোগ্যতাভিত্তিক এই পদ্ধতির পক্ষে। আপনি যথেষ্ট ভালো হলে সেখানে থাকবেন। আপনি যথেষ্ট ভালো না হলে সেখানে থাকবেন না। আমরা যে যথেষ্ট ভালো, এটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’
টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে সৃষ্টিশীল পরিবর্তনের পক্ষেও নিউজিল্যান্ড। গোলাপি বলে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটাকেও তেমনই একটি পদক্ষেপ হিসেবে দেখছে এনজেডসি। এটাকে ক্রীড়াবিশ্বের ‘ঐতিহাসিক আয়োজনগুলোর একটি’ হিসেবেও উল্লেখ করেছেন হোয়াইট। মার্ক টেলর ও গ্রেগ চ্যাপেলরা যেমন এরই মধ্যে পাঁচ দিনের পরিবর্তে টেস্ট ক্রিকেট চার দিনের করে ফেলার একটা প্রস্তাব করেছেন। কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন ও ইংলিশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস সেই প্রস্তাব সমর্থনও করেছেন। এবার তাঁদের সঙ্গে সুর মেলালেন হোয়াইটও, ‘এটা নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এখন যদি তিন টেস্টের একটা সিরিজ হয়, সেটা শেষ হতে চার সপ্তাহ লেগে যায়। চার সপ্তাহ অনেক লম্বা একটা সময়। চার দিনের তিন ম্যাচের সিরিজ হলে সেটা তিন সপ্তাহের মধ্যে শেষ করা যাবে। এক সপ্তাহ বাঁচানো সম্ভব হবে।’ ক্রিকইনফো, এএফপি।