টেস্টে নিজেদের চেনানোর বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আহ্‌, এ কী আনন্দ! অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের পর। মেহেদী হাসান মিরাজকে দুহাত ভরে দিয়েছে ঘরের মাঠের এই সিরিজটা l ফাইল ছবি
আহ্‌, এ কী আনন্দ! অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের পর। মেহেদী হাসান মিরাজকে দুহাত ভরে দিয়েছে ঘরের মাঠের এই সিরিজটা l ফাইল ছবি
আর মাত্র কয়েক দিন। দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৬। খেলাধুলার জগতে কেমন গেল বছরটা? পেছনে ফিরে তাকালে উঠে আসবে হাসি-কান্না-প্রাপ্তি-অপ্রাপ্তির কত উপাখ্যান! ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ থাকছে দেশের ক্রিকেট

২০১৬ সাল বাংলাদেশের ক্রিকেটে চিহ্নিত হয়ে থাকবে টেস্টের কঠিন জগতে নিজেদের নতুন করে চেনানোর বছর হিসেবে। এ বছরই ইংল্যান্ডকে হারিয়ে পরিণত হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের পেছনে ছিল এক বালক-বীরের কৃতিত্ব—মেহেদী হাসান মিরাজ।

মিরাজের আবির্ভাব 

মিরাজ পাদপ্রদীপের আলোয় আসাটা বছরের শুরুতেই। ফেব্রুয়ারিতে তাঁর প্রেরণাদায়ী নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় হয়েছিল, যেটি যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। দ্রুত তিনি জায়গা করে নেন জাতীয় দলেও। অকাতরে টেস্ট ক্যাপ বিলানোর ব্যাপারে বেশ ‘সুনাম’ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্করণে বাংলাদেশের ক্রিকেটারদের দ্রুত অভিষেক হওয়ার ঘটনাও তাই নিয়মিত। এই অভিষিক্ত খেলোয়াড়েরা শুরুতে বিস্ময়ও উপহার দেন। চমক উপহার দেওয়ার সর্বশেষ উদাহরণ মিরাজ। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট পাওয়ার পর ঢাকা টেস্টে ১২ উইকেট—ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক তিনি। এই বছর বাংলাদেশ টেস্ট খেলেছে দুটি। জয়-পরাজয়ের অনুপাত ১: ১!

তাসকিন-সানির নিষেধাজ্ঞা 

মিরাজের কীর্তিতে উচ্ছ্বাসের জোয়ার যেমন ছিল, তাসকিন আহমেদ-আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় ভক্ত-সমর্থকদের হতাশা ও ক্ষোভের ব্যাপারটিও ছিল। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তাঁদের বিরুদ্ধে ওঠে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ। দীর্ঘ প্রস্তুতির পর ৮ সেপ্টেম্বর ব্রিসবেনে পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশনের বৈধতার ছাড়পত্র পান তাসকিন-সানি।

মোস্তাফিজের চোট 

বারবার চোটে পড়ে বছরের বেশির ভাগ সময় মোস্তাফিজুর রহমানকে থাকতে হয়েছে দলের বাইরে। জুলাইয়ে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে চোট পান বাঁ কাঁধে। চোট সারিয়ে দলে ফিরেছেন বছরের একেবারে শেষ দিকে। কদিন আগে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়ে বছরটা অবশ্য স্মরণীয় হয়েই থাকল মোস্তাফিজের কাছে।

নির্বাচক কমিটি গঠন নিয়ে বিতর্ক 

জুনে দল নির্বাচনপ্রক্রিয়ায় সর্বজনীন পদ্ধতি থেকে সরে এসে বিতর্কিত হয় বিসিবি। নতুন দল নির্বাচনপ্রক্রিয়ার বিরোধিতা করে পদত্যাগ করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। মিনহাজুল আবেদীনকে নতুন প্রধান নির্বাচক করে অনুমোদন দেওয়া হয় দ্বিস্তরবিশিষ্ট দল নির্বাচন পদ্ধতির।

পুরোনো চেহারায় ঘরোয়া ক্রিকেট 

জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না বলে সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএল হয়নি। বিসিএলের পরিবর্তে জাতীয় লিগ শুরু হলেও ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার’ কারণে তা বন্ধ থাকে প্রায় আড়াই মাস। জাতীয় লিগ এবারও তারকাশূন্য। উন্নতির মূল ভিত্তি প্রথম শ্রেণির ক্রিকেট হলেও বাংলাদেশে যেন সেটির ব্যতিক্রম!

শাস্তি 

ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলে দেয় তারকা খেলোয়াড়দের শাস্তি। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে তামিম ইকবালকে এক লাখ টাকা জরিমানা ও এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়। নাসির হোসেনকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা। বিপিএলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হয় সাব্বির রহমান ও আল আমিনকে। এবারের বিপিএলেও ফিক্সিং ছিল আলোচনায়। রংপুর রাইডার্সের খেলোয়াড় জুপিটার ঘোষ অভিযোগ করেন, ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে!

সংবাদমাধ্যম বনাম বিসিবি 

ঢাকা প্রিমিয়ার লিগের আম্পায়ারিং হয়েছে চরম বিতর্কিত। আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা হয়েছে সংবাদমাধ্যমে। বিতর্কিত নির্বাচনপদ্ধতি নিয়েও হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নেতিবাচক খবর প্রকাশ নিয়ে সংবাদমাধ্যমের বিষোদ্‌গার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ৩ আগস্ট বিসিবি সভাপতির এক সংবাদ সম্মেলনে অংশ নিতে যাওয়া চারটি সংবাদমাধ্যমের প্রতিবেদককে ঢুকতে না দেওয়া নিয়েও সমালোচিত হন বিসিবি সভাপতি।

কোর্টনি ওয়ালশের বাংলাদেশের বোলিং কোচ হওয়া, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলে নতুন কোচ নিয়োগ ও অধিনায়কত্বে পরিবর্তন—দেশের ক্রিকেটে আরেকটি ঘটনাবহুল বছর শেষ হতে চলেছে। পঞ্জিকার শেষ পাতাটা উল্টে যাবে কদিন পরেই। তবে আগামী বছরটা ভালো যাবে, এই আশা নিয়েই নিশ্চয়ই নতুন বছরের প্রথম সূর্যকে বরণ করে নেবে বাংলাদেশ।

(পরিসংখ্যান গতকাল পর্যন্ত)

                                 টেস্ট                  ওয়ানডে            টি-টোয়েন্টি

 সবচেয়ে বেশি রান             ২৩১             ৩৩২            ৪৬৩

                            তামিম ইকবাল     তামিম ইকবাল    সাব্বির রহমান

 সবচেয়ে বেশি উইকেট          ১৯                ১২               ২২

                        মেহেদী হাসান মিরাজ     মাশরাফি    আল আমিন হোসেন

                                                   তাসকিন              

                                         সাকিব

২০১৬সালেবাংলাদেশ

               ম্যাচ      জয়       হার

টেস্ট            ২     ১      ১                    

ওয়ানডে       ৭*    ৩      ৪                    

টি-টোয়েন্টি    ১৬    ৭     ৮

     * বাংলাদেশ আরও ২টি ওয়ানডে খেলবে