টেস্টে ফিরছেন টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামিল্টন টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানের অপরাজিত ইনিংসটা দেখে মনে হয়নি, তাঁর চোখে সমস্যা আছে। কিন্তু বাস্তবতা হলো, সমস্যা গুরুতরই ছিল। অস্ত্রোপচারও করাতে হয়েছে রস টেলরকে। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি। চলমান টি-টোয়েন্টি সিরিজেও নেই। তবে টেলর আবারও ফিরছেন টেস্টে। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ১৩ জনের দলে টেলর ছাড়াও আছেন ট্রেন্ট বোল্ট।
বাঁ চোখে অস্ত্রোপচারের পর টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতে টেলর খেলেছেন ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে। সেখানে টানা দুই ইনিংসে করেছেন অপরাজিত ৮২ ও ৮০ রান। চোখের ‘পাওয়ার’ ঠিকঠাক করে নিয়েই বাংলাদেশের বিপক্ষে ফিরছেন এ মুহূর্তে নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট খেলোয়াড়।
নিউজিল্যান্ড দলে মাত্র একজন স্পিনার, তিনিও পুরোদস্তুর স্পিনার নন—অলরাউন্ডার মিচেল স্যান্টনার। গত টেস্ট সিরিজে স্পিনে সাফল্য পাওয়া বাংলাদেশ এখান থেকে একটা বার্তাও পেতে পারে।
১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু সিরিজের প্রথম টেস্ট। ২০ জানুয়ারি দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। সূত্র: ক্রিকইনফো।
নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিৎ রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটকিপার)।