টেস্টে ফিরবেন গেইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দুনিয়া ঘুরে টি-টোয়েন্টি খেলতে যতটা আগ্রহী, সাদা পোশাকে মাঠে নামতে ততটাই অনাগ্রহী ক্রিস গেইল। কারণটা কারও অজানা নয়, ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে যে অনেক অর্থের হাতছানি!
তবে টেস্ট থেকে আর দূরে থাকতে চান না ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। ২০১৬ সাল থেকেই নিয়মিত হতে চান দীর্ঘ পরিসরের ক্রিকেটে।
কদিন আগেই হোবার্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২১২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। যে দলটা দিয়ে গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে চিনল, সেই দলের করুণ পারফরম্যান্স একটু কি নাড়া দেয় না টি-টোয়েন্টির অতিকাঙ্ক্ষিত ক্রিকেটারকে? বিগ ব্যাশ খেলতে মেলবোর্নে নেমেই তাঁকে মুখোমুখি হতে হলো এমন প্রশ্নের। গেইলের উত্তর, ‘আমি আসলে টেস্ট সিরিজে খেলার জন্য পুরোপুরি ফিট ছিলাম না।’
ওয়েস্ট ইন্ডিজ দলের দুর্দশার মধ্যে বিগ ব্যাশে খেলতে আসা ক্যারিবীয়দের নিয়ে অস্ট্রেলিয়ায় হাসাহাসি চলছে। সিডনির ডেইলি টেলিগ্রাফ-এর পেছনের পাতায় ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে নেই অথচ বিগ ব্যাশে খেলতে এসেছেন, এমন ক্রিকেটারদের নিয়ে রম্য রচনা ছাপা হয়েছে। শিরোনাম, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রহসনের ত্রাণকর্তারা এসেছে, এসেছে বিগ ব্যাশের পয়সা খেতে।’
২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টেস্ট খেলা গেইল কিছুদিন ধরে পিঠের সমস্যায় ভুগছেন। অস্ট্রেলিয়ায় খেলতে এসে সব সমালোচনার ঢাল বানিয়েছেন এই চোটকেই।
পিঠের চোট কাটিয়েই খেলেছেন এবারের বিপিএলেই। বরিশাল বুলসের হয়ে চারটি ম্যাচ খেলে মাত্র একটিতেই ছিলেন স্বরূপে। ৯২ রানের দুর্দান্ত সেই ইনিংসটি খেলার পরের ম্যাচ থেকেই তিনি নিজেকে প্রত্যাহার করে নেন। কারণ কী? মেলবোর্নে পা রেখে তাঁকে মুখোমুখি হতে হয়েছে এই প্রশ্নেরও, ‘আমি ৯২ রানের একটি ইনিংস খেলেছিলাম। আমি কিন্তু অনেক দিন পর এত দীর্ঘ সময় ব্যাট করলাম। ম্যাচের পরদিন মনে হচ্ছিল আমায় যেন একটা বাস ধাক্কা দিয়েছে।’ রয়টার্স।