টেস্টে বাংলাদেশের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ একটা দিন গেল বাংলাদেশ দলের। ছবি: শামসুল হক
দারুণ একটা দিন গেল বাংলাদেশ দলের। ছবি: শামসুল হক

টানা তিন দিনের বিরামহীন বৃষ্টি। অথচ আজ চট্টগ্রামে একেবারেই বৃষ্টি নেই! অবশ্য মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলল। আজ সবুজ মাঠে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা! কখনো মেঘ জিতল, কখনো রোদ। তবে এ নিয়ে কোনো সংশয় নেই, শ্রাবণের মেঘলা দিনেই বাংলাদেশের ক্রিকে​ট তার টেস্ট ইতিহাসের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল প্রথম দিনটার দেখা পেল।

চট্টগ্রামে টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৪০৫ রান! না, ঘাবড়ে যাবন না। সাত বছর আগে এমনটাই লিখতে হয়েছিল ক্রীড়া সাংবাদিকদের। নিল ম্যাকেঞ্জি এবং গ্রায়েম স্মিথ দিনটাকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে হতাশার দিন বানিয়ে ফেলেছিলেন। দুজনের জোড়া ডাবল সেঞ্চুরিতে ওপেনিংয়ে ৪১৩ রানের বিশ্ব রেকর্ড। সাত বছর পর সেই চট্টগ্রামেই প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা অলআউট ২৪৮ রানে!
এর আগেও টেস্টের প্র​থম দিনে প্রতিপক্ষকে দুবার অলআউট করেছে বাংলাদেশ। কিন্তু তার পরও লিখতেই হচ্ছে, এটাই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল প্রথম দিন।
এর আগে যে দুবার প্রতিপক্ষকে প্রথম দিনে অলআউট করেছিল বাংলাদেশ, এর প্রথমটি ছিল দুর্বল ওয়েস্ট ইন্ডিজ। গ্রানাডার সেই টেস্টে ৭৭ ওভারে ২৩৭ রানে স্বাগতিকদের গুটিয়ে দিয়ে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছিল ১ উইকেটে ৩৫ রানে। গত বছর মিরপুরে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেই ৭৬ ওভারে ২৪০ রানে অলআউট করে বাংলাদেশ। ওই ম্যাচেও দিন শেষে বাংলাদেশ হারিয়েছিল ২৭ রানে ১ উইকেট।
এবার বাংলাদেশ পুরো দশ উইকেট অক্ষত রেখে সাজঘরে ফিরল বলেই নয়, দিনটা সেরা হয়ে থাকল প্রতিপক্ষের নাম দক্ষিণ আফ্রিকা বলে। যে দক্ষিণ আফ্রিকা টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল।
গত দেড় দশকেই টেস্টের প্রথম ইনিংসেই দক্ষিণ আফ্রিকা আড়াই শর নিচে অলআউট হয়েছে মাত্র ১১ বার। এর মধ্যে মাত্র সাতটিতে তারা প্রথম দিনে অলআউট হয়েছিল। সেই দলটাকে এভাবে অসহায় আত্মসমর্পণ করাতে বাধ্য করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে আজ শুধু তেম্বা বাভুমা পঞ্চাশ পেরোনো ইনিংস খেলতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকার মাত্র দুটি পঞ্চাশের জুটি হয়েছে। ১ উইকেটে ১৩৬ থেকে ২৪৮ রানে অলআউট। মাত্র ১১২ রানে রানে পড়েছে তাদের ৯ উইকেট, ভাবা যায়!
অথচ আজকে দিনের শুরুটা বাংলাদেশের জন্য সাদামাটাই হয়েছিল। ১২ ওভারে কোনো উইকেট না হারিয়েই প্রোটিয়ারা তুলে ফেলল পঞ্চাশ। প্রথম সেশনে ১০৪ রানে মাত্র এক উইকেট। মনে হচ্ছিল, আরও একটা রানের পাহাড়ে চাপা পড়তে চলেছে বাংলাদেশ। কিন্তু টেস্টে লড়াইটাই তো এমন। এক সেশনে হেরে যাওয়ার পাল্টা জবাব আরেক সেশনে দেওয়া। সেটাই করল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ২৯ ওভারে মাত্র ৬১ রান। তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তাইজুল ফেরালেন এলগারকে। সাকিব ডু প্লেসিকে। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলার আসল কৃতিত্ব দিতে হবে মোহাম্মদ শহীদকেই।
টানা সাত সাতটি ওভার মেডেন করে দক্ষিণ আফ্রিকার রানের চাকা আটকে দিয়েছিলেন। আঁটসাঁট বোলিংয়ে প্রোটিয়ারা হাঁসফাঁস করল। তারই সুফল তুলে নিলেন মুস্তাফিজ। চা বিরতির পর মুস্তাফিজের এক ওভারেই পুড়ে ছারখার দক্ষিণ আফ্রিকা। চার বলের ব্যবধানেই নেই প্রোটিয়াদের সেরা তিন ব্যাটসম্যান—আমলা, ডুমিনি ও ডি কক।
পেস কি ​স্পিন—দুধারি তলোয়ারের মতো প্রোটিয়াদের ক্ষতবিক্ষত করেছে বাংলাদেশ। মুস্তাফিজ যখন চার বলে তিনটি উইকেট নিলেন, খানিক পরে জুবায়ের তিন বলের মধ্যে উইকেট তুলে নিলেন দুটি। এর আগে তাইজুল-সাকিবের যৌথ প্রযোজনায় তিন বলে দুই উইকেট হারানোর আরও একটি ঘটনা। বাংলাদেশ যখন আক্রমণ করেছে, সেই আক্রমণের ধারা, চাপটা একটুও আলগা হতে দেয়নি। মড়ার ওপর দিয়েছে খাঁড়ার ঘা।
টেস্টের প্রথম দিনে ৮০ ওভারে শেষেই বাংলাদেশ অধিনায়ক নতুন বল চাইছেন, এটাও তো অনেকটাই অচেনা অভিজ্ঞতা! টেস্টের প্রথম দিন শেষে এত তৃপ্তির ঘুম খুব কমই ঘুমিয়েছেন বাংলাদেশের আর কোনো অধিনায়ক, আজ মুশফিকের জন্য যে ঘুমটা বরাদ্দ রইল। তাতে একটা সুখস্বপ্ন তিনি দেখতেই পারেন—প্রোটিয়াদের বিপক্ষে দারুণ একটা লিড!