টেস্টে ভারতের যত বিশাল জয়

হারবিই যখন আর ছয়টা রান আগে হারতি! ইংল্যান্ডের ওপর কোনো ভারতীয় সমর্থক নাখোশ হতেই পারে। আর ছয় রান আগে অ্যালিস্টার কুকের দল অলআউট হলে ভারতের যে দশের বৃত্তটা পূরণ হতো। ২৫০ কিংবা এর বেশি রানে ভারত এখন পর্যন্ত জিতেছে নয়বার। বিখাশাপত্তনম টেস্টের ২৪৬ রানের জয় রানের হিসাবে দশম বৃহত্তম। তবে ২৫০-এর ঘরে তো আর ঢোকা হলো না!
টেস্টে ভারত ইনিংস ব্যবধানে জিতেছে ১৯ বার। এর মধ্যে সবচেয়ে বড় জয়টি বাংলাদেশের বিপক্ষে। ২০০৭ সালে ঢাকা টেস্টে ভারত জিতেছিল ইনিংস ও ২৩৯ রানে। তবে রানের হিসাবে ভারতের সবচেয়ে বড় জয়টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেটিও খুব বেশি দিন আগের নয়। গত বছর দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত।
ভারত রানের হিসাবে সর্বোচ্চ ছয় জয়ের চারটিই পেয়েছে আসলে ২০০৮ সাল থেকে। গত অক্টোবরে ইন্দোরে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৩২১ রানে। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৩২০ রানে। ৩০০ রানের ব্যবধানে এই তিনবার প্রতিপক্ষকে হারিয়েছে ভারত।
১৯৯৬ সালে কানপুরে দক্ষিণ আফ্রিকাকে ২৮০ রানে হারিয়েছিল ভারত। অধিনায়ক হিসেবে সেটি ছিল শচীন টেন্ডুলকারের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। অবশ্য অধিনায়ক টেন্ডুলকারের অভিজ্ঞতা সব মিলিয়ে পরে সুখকর হয়নি।
১৯৮৬ সালে লিডসে স্বাগতিক ইংল্যান্ডকে ২৭৯ রানে হারিয়েছিল ভারত। দুই ইনিংসে দিলীপ ভেংসরকারের দুর্দান্ত ব্যাটিং ছাড়াও এই ম্যাচটি আরও দুই কারণে স্মরণীয় হয়ে আছে। এটাই ছিল লন্ডনে বাইরে ইংল্যান্ডের বিপক্ষে সেই দেশে ভারতের প্রথম টেস্ট জয়। আর এই জয় ভারতকে ৩ ম্যাচ সিরিজে এনে দিয়েছিল ২-০ অগ্রগামিতা। ১৯৭১ সালের পর আবারও ভারত সিরিজ জিতেছিল ইংল্যান্ডে। ২-০ ব্যবধানে আর কখনোই ইংল্যান্ডে সিরিজ জেতেনি ভারত।
গত বছর কলম্বোয় ২৭৮ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। শুধু তা-ই নয়, কলম্বোর আরেক ভেন্যুতে সিরিজে শেষ ম্যাচও জিতে নিয়েছিল। প্রথম টেস্ট হেরেও কোহলির দল সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।
বাপু নাদকার্নি তাঁর ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেছেন ১৯৬৮ সালে। অকল্যান্ড টেস্টটা ভারত জিতেছিল ২৭২ রানে। সিরিজটাও ভারত জিতেছিল ৩-১ ব্যবধানে। নিউজিল্যান্ডে ভারত এখন পর্যন্ত মাত্র পাঁচটি টেস্ট জিতেছে। তিনটিই ওই সিরিজে। বাকি দুটির একটি ১৯৭৬ সালে, আরেকটি এসেছে ২০০৯-এ।
২০০৫ সালে আহমেদাবাদে ২৫৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচটি বেশ আলোচিত হয়ে আছে এই টেস্টের আগে দল থেকে সৌরভ গাঙ্গুলী বাদ পড়ায় দেশজুড়ে বেশ শোরগোল পড়েছিল। পরে রাহুল দ্রাবিড়ও খেলতে পারেননি অসুস্থতার কারণে। সেই চাপ সামলে ভারত ম্যাচ ও সিরিজ দুটিই নিশ্চিত করেছিল।
১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৫ রানে হারিয়েছিল ভারত। অভিষেকেই আলো ছড়িয়েছিলেন নরেন্দ্র হিরওয়ানি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১৬ উইকেট। টেস্ট অভিষেকে ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড। বব ম্যাসি ১৩৭ রানে ১৬ উইকেট নিয়েছিলেন। হিরওয়ানি ১৩৬ রানে নিয়েছেন ১৬ উইকেট।