টেস্টে ভালো করতে হলে...

ওয়ানডেতে বাংলাওয়াশ, একমাত্র টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সামনে এখন নতুন চ্যালেঞ্জ-দুই ম্যাচের টেস্ট সিরিজ।
পরিসংখ্যান-রেকর্ড দেখলে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেট বেশ কঠিন। তবে যদি সর্বশেষ ৯ টেস্টের পরিসংখ্যান দেখি, এর মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ। এই তিনটি জিম্বাবুয়ের বিপক্ষে। তিনটা হেরেছে। এর মধ্যে দুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তাদের মাটিতেই। আর তিনটা ড্র। টেস্টে ‘ড্র’ শুনতে ভালো লাগে। এই তিনটা ড্রয়ের মধ্যে একটি করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে ওই সিরিজটাও ড্র হয়েছিল। সর্বশেষ চারটা টেস্ট সিরিজের একটি ড্র, একটি জয় ও দুটিতে হার।
টেস্টে আসলে প্রথমে ড্রয়ের দিকে নজর দিতে হবে। আমরা হারব না-এ মানসিকতায় মাঠে নামতে হবে। কারণ, আপনাকে পাঁচ দিন লড়তে হবে। আর ড্র হলে তবেই জয়ের সুযোগ তৈরি হবে। মানসিকভাবে অনেক এগিয়ে যাবে বাংলাদেশ। যেহেতু বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, সবাই এর প্রতিফলন দেখতে চাইবে টেস্টেও। পাকিস্তানকে যেভাবে কোনো বিভাগেই দাঁড়াতে দেয়নি বাংলাদেশ, এটার ধারাবাহিকতা ধরে রাখতে হবে টেস্টেও।
টেস্টে খেলতে হয় সেশন-বাই-সেশন। উইকেটে গিয়ে সেঞ্চুরি করেই চলে এলাম, তা নয়। এখানে ধৈর্য ধরে রাখাটা খুবই জরুরি। থিতু হয়ে গেলে ব্যাটসম্যানদের সেশন-বাই-সেশন খেলতে হবে। কেবল এক প্রান্তে নয়, ভালো খেলতে হবে দুই প্রান্তেই। বড় জুটি গড়তে হবে।
এখানে বোলারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে। অর্থাৎ দুবার অলআউট করতে হবে। এটা করতে পারলেই জয় সম্ভব। এ কারণে বোলারদের কাছে অনেক আশা-প্রত্যাশা। ব্যাটসম্যানরাও দারুণ ফর্মে আছে। তামিম, মুশফিক, সাকিব রান পেয়েছে। ব্যাটসম্যানদের এ ফর্ম টেস্টেও দেখাতে হবে।
গত কয়েক সিরিজে বাংলাদেশের বড় পাওয়া মুমিনুল হক। কারও সঙ্গে তাঁকে তুলনা করতে চাই না। কিন্তু টেস্টে মুমিনুলের ব্যাটিং সত্যি অসাধারণ। তবে সে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। দলে আছে, খেলার সুযোগ পাচ্ছে না। বিশ্বকাপে খেলার সুযোগ তেমন পায়নি। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচে ৫২ রানের পর তাকে তুলে নেওয়া হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা বাদে আর সুযোগ পায়নি। এ কারণে মানসিকভাবে সে চাপে থাকবে। টেস্টে তার যে পারফরম্যান্স, মুমিনুলের কাছে প্রত্যাশা থাকবে অনেক বেশি। আশা করি, চাপ সরিয়ে রেখে টেস্টে সে ধারাবাহিকতা বজায় রাখবে।
খুলনায় সর্বশেষ টেস্ট খেলেছে গত নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা পাঁচজন নেই দলে-শামসুর রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, আল আমিন ও এনামুল হক। অবশ্য নাসির হোসেন কেন দলে নেই, সেটা অবাক করেছে।
খুলনার উইকেট কেমন হবে, এখনো জানি না। কারণ, মিরপুরে নতুন ধরনের উইকেট দেখলাম। জানি না, একই উইকেট খুলনায় থাকবে কিনা। তবে ধারণা করছি, খুলনার উইকেট কিছুটা ধীর গতির হবে। এ অবস্থায় দলে চারটা বিশেষজ্ঞ বোলার লাগবেই। যেহেতু প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে। এ ক্ষেত্রে দুই পেসার, দুই স্পিনার লাগবে। দুই পেসার হিসেবে রুবেল হোসেন ও শাহাদাত হোসেন থাকতে পারে। শুনেছি, শাহাদাত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। দুজন স্পিনার সাকিব আল হাসান, সঙ্গে বৈচিত্র্যের জন্য জুবায়ের হোসেন থাকবে। তবে জুবায়েরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স বলার মতো নয়। আমরা জানি, কোচিং স্টাফরা তাকে ভীষণ পছন্দ করে। জুবায়েরের ভেতর দারুণ সম্ভাবনা রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সে কিন্তু ইনিংসে ৫ উইকেট পেয়েছিল। তাকে যেহেতু স্কোয়াডে নেওয়া হয়েছে, কাজেই খেলানো যেতে পারে। ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ। ১০ জন হয়ে গেল। এখন কথা হচ্ছে, বাকি একজন কে হতে পারে? এখানে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে, একজন বাড়তি স্পিনার খেলাবে নাকি একজন ব্যাটসম্যান নেবে। স্পিনার নিলে তাইজুলের সুযোগ পেতে পারে। তবে মনে করি, চার বোলার থাকলে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো যেতে পারে। এ ক্ষেত্রে দারুণ ফর্মে থাকা সৌম্য সরকারের সুযোগ দেওয়া যেতে পারে। সাতেও সে ব্যাট করতে পারঙ্গম।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মুশফিকুর রহিম টেস্টের অধিনায়ক। তার দায়িত্ব কেবল ব্যাটিংয়ে নয়। দলকে একতাবদ্ধ রাখা ও সবার কাছ থেকে সেরাটা বের করে আনার দায়িত্ব নিতে হবে।
টেস্টে যেহেতু পাকিস্তানের মিসবাহ-উল-হক, ইউনিস খান খেলবে; অভিজ্ঞতার কারণে এই দুই ব্যাটসম্যান দেয়াল হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের সামনে। এ দুজনকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে ভীষণ চাপে পড়ে যাবে পাকিস্তান। বোলিংয়ে সাঈদ আজমলও হুমকি হয়ে দাঁড়াতে পারে। ওদের ওয়ানডে অধিনায়ক আজহার আলীও কিন্তু টেস্টেও ভালো খেলো। বোলিংয়ে পাকিস্তানি পেসাররা এখনো তেমন কিছু করতে পারেনি।
ব্যক্তিগত পরিসংখ্যান-রেকর্ডে টেস্টে পাকিস্তানের অনেকে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে মানসিকভাবে বাংলাদেশের খেলোয়াড়েরাই বেশি চাঙা থাকবে। মনে রাখতে হবে, এটা কিন্তু নতুন বাংলাদেশ। বদলে যাওয়া বাংলাদেশ।